০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রতিদিন ‘১০০-১৫০ ছক্কা’ হাঁকিয়ে আসিফের এশিয়া কাপের প্রস্তুতি

বিস্ময় জাগানো এই দাবি করলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলি।

প্রতিদিন ‘১০০-১৫০ ছক্কা’ হাঁকিয়ে আসিফের এশিয়া কাপের প্রস্তুতি

আসিফ আলি। ফাইল ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 07:14 PM

Updated : 23 Aug 2022, 08:39 PM

বড় বড় সব ছক্কা মেরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আলোড়ন ফেলে দিয়েছিলেন আসিফ আলি। আসছে এশিয়া কাপেও ফিনিশার হিসেবে আলো ছড়াতে কঠোর পরিশ্রম করছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান। তার দাবি, নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন একশ থেকে দেড়শ ছক্কা মারছেন তিনি!

সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জিতেছিল আসিফের শেষের ঝড়ে। শারজাহতে কিউইদের বিপক্ষে রান তাড়ায় তিন ছক্কায় তিনি ১২ বলে করেন অপরাজিত ২৭। এরপর দুবাইয়ে আফগানদের বিপক্ষে যখন প্রয়োজন ২ ওভারে ২৪ রান, এক ওভারেই চারটি ছক্কায় খেলা শেষ করে দেন ডানহাতি ব্যাটসম্যান।

এশিয়া কাপের প্রস্তুতির জন্য লাহোরে পাকিস্তানের জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করেছেন আসিফ। মঙ্গলবার পিসিবির ভিডিও বার্তায় ৩০ বছর বয়সী ব্যাটসম্যান তুলে ধরলেন, তার পজিশনে বড় শট খেলা কত গুরুত্বপূর্ণ।

“এমন এক পজিশনে আমি ব্যাটিং করি যেখানে ওভারে গড়ে ১০ রানের বেশি প্রয়োজন হয়। এজন্য বড় শট খেলতে হবে এবং এর জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন। আমি সাধারণত প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারি। যাতে ম্যাচে ৪-৫টি ছক্কা মারতে পারি।”

২০ ওভারের ক্রিকেটে বৈচিত্র্য আর নতুনত্ব খুব গুরুত্বপূর্ণ। তাই বারবার একই শট না খেলার চেষ্টা করে বলের লাইন-লেংথ বুঝে শট খেলেন বলে জানান আসিফ।

“এটা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। যখন টি-টোয়েন্টিতে ব্যাটিং করতে নামি তখন সবসময় চাপ থাকে। আমি বলের লাইন ও লেংথ অনুযায়ী মারার চেষ্টা করি। কখনই একই শট বারবার খেলার চেষ্টা করি না।”

দুবাইয়ে আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর শুরু করবে পাকিস্তান।