দু-একজন ছাড়া বাংলাদেশ দলের কেউ উইকেটই দেখেননি!
অধিনায়ক সাকিব আল হাসান বললেন, উইকেটের সম্ভাব্য আচরণ নিয়ে ভাবিত নন তারা, বরং মাঠে সবটুকু মেলে ধরতে চান নিজেদের।
ম্যাচ কিংবা সিরিজ শুরুর আগের দিনের নিয়মিত চিত্র দেখা গেল যথারীতি। একসঙ্গে উইকেট দেখলেন চান্দিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসান। তাদের সঙ্গে যোগ দিলেন গামিনি সিলভাও। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পাশাপাশি বিসিবির এই কিউরেটর আপাতত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও দেখভাল করছেন। উইকেটের পাশে দাঁড়িয়ে কিউরেটরের সঙ্গে আলোচনা চলল বাংলাদেশের কোচ ও অধিনায়কের।
বৃহস্পতিবার সকালে অনুশীলনের ফাঁকে ত্রিপক্ষীয় সেই আলোচনা পর্ব অবশ্য খুব একটা দীর্ঘায়িত হলো না। সাকিব পরে পাশেই আরেকটি সেন্টার উইকেটে টি-টোয়েন্টি শটের নানা অনুশীলন করলেন লম্বা সময়। কিন্তু ম্যাচের উইকেটের দিকে নজর খুব একটা গেল না তার।
অবশ্য মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে উইকেট খোলা আকাশের নিচে উন্মুক্ত রাখা গেল না বেশিক্ষণ। তবে এমনিতেও যে উইকেট নিয়ে তার নিজের বা দলের আগ্রহ কম, সাকিব তা জানিয়ে দিলেন অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে।
“আমার ধারণা, উইকেট নিয়ে কেউ খুব বেশি একটা কথাও বলেনি। আমি আর কোচ হয়তো একটু আলাপ করেছি। এছাড়া দু-একজন ক্রিকেটার আর উইকেটের কাছে গিয়েছে কি না, জানি না।”
“যেটা বললাম, কন্ডিশন নিয়ে আমরা চিন্তিত নই। অবশ্যই আফগানিস্তান ভালো দল, আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে যদি চিন্তা করি, এটা ভালো একটা সুযোগ আবার ওদের মুখোমুখি হওয়ার, ওদের সম্পর্কে আরেকটু বেশি জানার এবং ওরা কী কী করতে পারে, সেসব জানার।”
দূর থেকে উইকেটের চেহারা যতটুকু দেখা গেছে, তাতে ঘাসের ছোঁয়া খানিকটা আছে। শেষ পর্যন্ত কতটুকু রাখা হয়, সেটিই দেখার। রাখা হলেও তা মূলত উইকেটকে ব্যাটিং সহায়ক করে তুলতে পারে।
২০১৮ সালে দুটি ম্যাচ হওয়ার পর এই মাঠে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়নি। সেই দুই ম্যাচের উইকেট ব্যাটিং সহায়ক ছিল। তবে ৫ বছর আগের ম্যাচকে সমীকরণে আনার যৌক্তিকতাও খুব একটা নেই। জানুয়ারির শেষ দিকে গত বিপিএলে এই মাঠে একশর নিচে স্কোর যেমন হয়েছে, তেমনি দুইশ রানের বেশি তাড়া করে জয়ের ঘটনাও আছে। স্কোর থেকে তাই সুনির্দিষ্ট কিছু বোঝা কঠিন।
আবহাওয়ার একটা প্রভাবও পড়তে পারে উইকেটে। বিপিএলের সময় ছিল শীতকাল। এখন বর্ষাকাল চলছে। বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি হয়েছে গুঁড়ি গুঁড়ি। শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেই সময় বৃষ্টির শঙ্কা আছে প্রবলভাবেই।
তবে এসব পারিপার্শ্বিকতার ভাবনায় ডুব দিতেই নারাজ সাকিব। বাংলাদেশ অধিনায়কের মতে, তার দল এখন উইকেট ও কন্ডিশনকে নিজেদের পক্ষে কাজে লাগানোর উর্ধ্বে উঠে গেছে।
“কন্ডিশন নিয়ে আসলে আমরা খুব একটা চিন্তা করছি না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, দুই দলের জন্যই কন্ডিশন সমান। এছাড়া, আমার কাছে মনে হয় না যে আমরা এখন এমন দল আছি যে, আমাদের কন্ডিশনের ফায়দা নিতে হবে। আমি অন্তত বিশ্বাস করি যে আমাদের দলের এতটা সামর্থ্য আছে, যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে এবং যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারে। আমি এটাই আশা করব আমার দল থেকে যে, আমরা যেন ওরকম মানসিকতা নিয়েই মাঠে যাই এবং উন্মুক্ত মানসিকতায় থাকি ও দলের প্রয়োজনে যা যা করা সম্ভব, তা যেন করতে প্রস্তুত থাকি।”
