২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

৩২২ রানের লক্ষ্য তাড়ায় ১৪৩ রানের উদ্বোধনী জুটি আর চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের পরও পেরে উঠল না ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 02:02 AM

Updated : 25 Sep 2026, 02:17 AM

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন পড়ে ১৯ রান। পায়ে টানা লাগায় ৬৭ রান করে মাঠ ছেড়েছিলেন যিনি, সেই জস বাটলার ৪৮তম ওভারে ক্রিজে ফিরে তখন স্ট্রাইকে। দিলশান মাদুশাঙ্কার প্রথম বলটা ডিপ মিড-উইকেটের দিকে উড়িয়ে মারলেন তিনি। দেখে মনে হচ্ছিল বল অনায়াসেই সীমানা পেরিয়ে যাবে, কিন্তু মাঠের ওই দিকটা বেশ বড় হওয়ায় সীমানার ভেতরেই ক্যাচ লুফে নিলেন কামিন্দু মেন্ডিস। ইংল্যান্ডের আশাও প্রায় শেষ হয়ে গেল সেখানেই।

দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল শ্রীলঙ্কা।

হেডিংলিতে বৃহস্পতিবার কুসাল মেন্ডিসের সেঞ্চুরি ও কয়েকটি কার্যকর ইনিংসে ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৩২১ রান।

জবাবে ১৪৩ রানের উদ্বোধনী জুটি ও চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে শেষ ওভার পর্যন্ত আশা জিইয়ে রাখে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত তারা আটকে যায় ৩০৫ রানে।

১৪ চার ও তিন ছক্কায় ১০০ বলে ১২১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন লঙ্কান অধিনায়ক কুসাল মেন্ডিস।

সফরকারীদের হয়ে বল হাতে অগ্রণী ভূমিকা রাখেন দুনিথ ওয়েলালাগে। ১০ ওভারে ৪৯ রান দিয়ে টম ব্যান্টন, বেন ডাকেট ও হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।

ইংল্যান্ডের হয়ে ব্যান্টন (৭৩) ও ডাকেটের (৬৭) পাশাপাশি ফিফটি করেন বাটলার (৬৯) ও উইল জ্যাকস (৫২)।

(বিস্তারিত আসছে)