২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫০ রান পর্যন্ত তাড়া করার সামর্থ্য দেখেন লিটন

ভারত ৪০৯ রান করে ফেলায় শুরু থেকেই বাংলাদেশ অনেক চাপে ছিল, বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 10:28 PM

Updated : 10 Dec 2022, 10:28 PM

ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৫০ রানের মুখ দেখেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৪১০ রান তাড়ায় দলের দৌড় থেমে গেছে ১৮২ রানে। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাসের বিশ্বাস, ৩০০ থেতে ৩৫০ রান পর্যন্ত তাড়া করার সামর্থ্য আছে তাদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলতে নেমে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ভারতের ওপেনার ইশান কিষানের ২১০ রানও ছুঁতে পারেনি গোটা বাংলাদেশ দল মিলে।

২২৭ রানের এই ব্যবধানকে অবশ্য বড় করে দেখছেন না লিটন। তাদের মানসিকতাই যে ছিল ভিন্ন! ম্যাচের পর সংবাদ সম্মেলনে লিটন বললেন, ভদ্রস্থ স্কোর গড়ে ব্যবধান কমানোর চেয়ে রান তাড়ার আগ্রাসী মানসিকতা দেখাতে চেয়েছিলেন তারা।

“আজকে (শনিবার) যদি ধরে খেলতাম, তাহলে হয়তো আমরা ৩০০ বা ৩২০ রান করতাম। কিন্তু দিন শেষে ম্যাচ হারতাম। আমরা আজকে কখনোই ম্যাচ হারার জন্য ব্যাটিং করিনি। চেষ্টা করেছি, যখনই যে ব্যাটসম্যান যাবে, সে জেতার জন্য খেলবে।”

লিটন ছাড়া অবশ্য বাংলাদেশের আর কোনো বাটসম্যানের ব্যাটিংয়ে এ দিন সেই তাড়না বা পরিকল্পনা খুব একটা দেখা যায়নি। তবে উইকেট আঁকড়ে রাখা বা স্রেফ সময় কাটানোর জন্য পড়ে থাকার ব্যাপারও দেখা যায়নি। স্কোরকার্ডও সেটির স্বাক্ষ্য দেবে। বাংলাদেশ অলআউট হয়ে গেছে ৩৪ ওভারেই।

লিটনের মতে, ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গেছে ম্যাচের প্রথম ভাগেই। ৪১০ রানের লক্ষ্য বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে বলেই মনে করেন তিনি। লক্ষ্যটা কেমন হলে তাড়া করতে পারতেন তারা, সেই ধারণাও দিলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।

“৪০০ তাড়া করতে গেলে তো বিশাল চাপ থাকেই। (ভারত) ৩০০-৩৫০ করলে চিত্রটা ভিন্ন হতে পারত। আমাদের যে ৩০০-৩৫০ এর ভেতরে (রান তাড়ার) সামর্থ্য আছে, আমার মনে হয় না এটা নিয়ে কোনো সংশয় আসবে।”

লিটনের সংশয় না থাকলেও ওই রান এখনও পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এখন ৪০০ রানের ইনিংস দেখা যাচ্ছে নিয়মিতই। ৩৫০ রান তো এখন আর বড় কোনো ঘটনাই নয়। তবে বাংলাদেশের সর্বোচ্চ রান ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ৩৩৩। নিজেদের ওয়ানডে ইতিহাসে ওই একবারই তারা ছাড়াতে পেরেছে ৩৩০।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে হয়তো বড় রানের ম্যাচই বেশি খেলতে হবে বাংলাদেশকে। লিটনের আশা, সামনের সময়টায় তাকিয়ে তারা নিজেদের অনেকটাই তৈরি করে নিতে পারবে।

“ভারতের উইকেট অনেক ভালো হয়, আউটফিল্ড অনেক ভালো হয়। আজকে যে উইকেটে খেললাম, আউটফিল্ড অনেক গতিময়, উইকেট অনেক ভালো। রেগুলার খেলতে খেলতে আমরা মানিয়ে নিতে পারব।”