মাশরাফিদের ঈদ উদযাপনে নেই বিশেষ কিছু
ঈদের দিন সন্ধ্যায় ওভালে দলের অনুশীলন; পর দিন নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। কেবল ঈদের নামাজ পড়া ছাড়া বাংলাদেশ দলের ঈদ উদযাপনে ছিল না তাই আর কোনো আয়োজন।
সকালে ঈদের নামাজ অবশ্য পড়েছেন ক্রিকেটাররা। নিরাপত্তার কারণে কখন ও কোথায় নামাজ পড়া হবে, তা গোপন রাখা হয়েছে ভীষণ সতর্কতায়। এমনকি ক্রিকেটারদের পর্যন্ত জানানো হয়েছে একেবারে শেষ মুহূর্ত। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লন্ডন সেন্ট্রাল মসজিদে নামাজ পড়েছেন ক্রিকেটাররা।
সন্ধ্যা ৬টা থেকে হওয়ার কথা দলের অনুশীলন। তার আগে বিকেল পর্যন্ত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। ম্যানেজার বললেন, পরদিনের ম্যাচ নিয়েই সবার ভাবনা বেশি।
“ঈদের দিন দেশ থেকে দূরে থাকলে একটু খারাপ লাগা স্বাভাবিক। তবে বেশ কজন ক্রিকেটারের স্ত্রী-সন্তান আছে এখানে। যাদের পরিবার নেই, তারাও আসলে খুব মন খারাপ করছে না। সবার জানাই ছিল যে ঈদ বাইরে করতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে, বিশ্বকাপ নিয়েই ফোকসড সবাই।”
নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার ওভালে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল কিউইরা, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে।
