একটা জয়ে এমন কিছু হয়নি : মাশরাফি
লম্বা পথের কেবল প্রথম ধাপটুকুই পেরুনো হলো। এখনই জয়ের উচ্ছ্বাসে আকাশে ওড়ার মতো কিছু দেখছেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক পা রাখতে চান মাটিতে। খুব দূরে নয়, তাকাতে চান কেবল পরের চ্যালেঞ্জের দিকে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিনে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। জয় ২১ রানের হলেও ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে ছিল র্যাঙ্কিংয়ের সাতে থাকা বাংলাদেশ।
দারুণ জয়ে শুরুর পর বাংলাদেশ দলকে নিয়ে ক্রিকেট অনুসারীদের প্রত্যাশা ছুঁতে চাইছে আকাশ। তবে দলের ভেতর সেটির ডানা ছেটে দেওয়ার কাজটি সেরে রাখলেন অধিনায়ক। মনে করিয়ে দিলেন, কেবলই প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ।
“আমাদের দলের সবার নরম্যাল থাকা খুব জরুরি। একটা ম্যাচ কেবল জিতেছি, ৮টা আরও বাকি। আমরা একটা ম্যাচ জিতে এখনও টুর্নামেন্টের কোথাও নাই। লোকে উত্তেজিত হলেও আমাদের হওয়া উচিত নয়।”
“আমরা এখনও টেবিলের কোথাও নাই। ২ পয়েন্ট দিয়ে কিচ্ছু হচ্ছে না। আমাদের নিশ্চিত করতে হবে যে ধারাবাহিকভাবে ভালো কাজটা ধরে রাখতে পারি।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর বাংলাদেশকে অন্তত সেমি-ফাইনালের মঞ্চে দেখে ফেলছেন অনেকে। কিন্তু মাশরাফির চোখ কেবল পরের ম্যাচের দিকেই।
“এত দূরে তাকানোর প্রয়োজন নেই। একটা ম্যাচ, যেমন আজকে ফোকাসড ছিলাম, এখন এটা নিয়ে চিন্তা বাদ দেওয়া উচিত। পরের ম্যাচে সামনে নিউ জিল্যান্ড, এখন সেটা নিয়ে পরিকল্পনা করতে হবে। নিশ্চিত করতে হবে পরিকল্পনার বাস্তবায়ন করা। আমাদের কাছে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”
“আজকে হারলেও পরের ম্যাচে তা সাহায্য করত না। জিতেছি বলে হয়তো আত্মবিশ্বাস বেশি থাকবে। কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি আসবে সামনে।”
