২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজ-রাঙা জয়, সাকিবময় জয়

বোলিং ও নেতৃত্বে সাকিবের দারুণ পারফরম্যান্সের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে মিরাজ বার্তা দিলেন সাকিবের মতোই হয়ে ওঠার।

মিরাজ-রাঙা জয়, সাকিবময় জয়

উইকেট পাওয়ার উচ্ছ্বাস সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও মুশফিকুর রহিমের। ছবি: বিসিবির ফেইসবুক পাতা

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ধারামশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 08:29 PM

Updated : 07 Oct 2023, 11:24 PM

পুরস্কার বিতরণী আয়োজন শেষে বাংলাদেশের সমর্থকদের গ্যালারির দিকে এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। তখনও মাঠে থেকে যাওয়া দর্শকদের দিকে হাত নাড়লেন তিনি। অভিনন্দনের জবাব দিলেন কাছ থেকে। দর্শকদের উল্লাসের মাত্রাও তাতে বেড়ে গেল আরও। একজন গলা উঁচিয়ে বললেন, “মিরাজ ভাই, আপনাকে সাকিব ভাইয়ের মতো হতে হবে…।”

মিরাজ মিষ্টি করে হাসলেন। এই কথাটি তিনি নিশ্চয়ই প্রথম শোনেননি! বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তাকে ঘিরে এমন আশা ছিল দেশের ক্রিকেটের। সেই প্রত্যাশার রথ এখন ছুটছে পূর্ণতার ঠিকানার পথে। সাকিব আল হাসান এখনও উজ্জ্বল আপন মহিমায়। তাকে স্বাক্ষী রেখেই মিরাজ মেলে ধরলেন ‘সাকিবের মতো’ অলরাউন্ড পারফরম্যান্স। এবারের বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা জয়ে ভাস্বর হলো মূলত এই দুজনের দুর্দান্ত পারফরম্যান্সেই।

নিজের বোলিং, দলের বোলিং পরিবর্তন, প্রেরণাদায়ী নেতৃত্ব, আগ্রাসী শরীরী ভাষা- সব মিলিয়ে সাকিবের ছাপ পুরোপুরি ফুটে উঠছে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের নানা বৃন্তে। নেতার মানসিকতার প্রতিচ্ছবিই পড়েছে এ দিন দলের পারফরম্যান্সে। সেই জয়কে মিরাজ রাঙালেন ব্যাটে-বলে ‘সাকিবীয়’ নৈপূণ্যে।

ম্যাচটি বাংলাদেশের হয়ে ওঠার শুরু সাকিবের হাত ধরেই। টস জিতে বোলিং নেওয়া দল ৮ ওভারেও উইকেট নিতে পারেনি তখন। আফগানদের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান বিপজ্জনক হতে শুরু করেছেন। ধারামশালা স্টেডিয়ামের পেছনে ধলাধার পাহাড়ের মাথায় তখন পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভাসছে কিন্তু বাংলাদেশের ড্রেসিং রুমে নিশ্চয়ই উঁকি দিচ্ছিল শঙ্কার কালো মেঘ। গুরবাজ-ইব্রাহিমের কাছে বাংলাদেশের অতীতের ভোগান্তির ক্ষত তো এখনও পুরোপুরি সারেনি!

কিন্তু ক্যারিয়ারে আরও অসংখ্যবারের মতো সাকিব এলেন আলোর দিশারি হয়ে। পেসারদের অবস্থা বুঝেই হোক বা উইকেটের চরিত্র দ্রুত পড়তে পেরে, বাংলাদেশ অধিনায়ক বোলিংয়ে এলেন পাওয়ার প্লের মধ্যেই। সাফল্য ধরা দিল তার দ্বিতীয় ওভারেই। যদিও সেই আউটে ইব্রাহিমের বাজে শটের ভূমিকাই বেশি, তবে শর্ট কাভারে ফিল্ডার রেখে এবং বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজিয়ে এবং সেভাবেই বোলিং করে ব্যাটসম্যাকে ভুল করতে প্রলুব্ধ করেন তো সাকিবই!

এরপর আফগানদের দ্বিতীয় উইকেট জুটি যখন জমে যাওয়ার পথে, সেখানেও বাংলাদেশের ত্রাতা অধিনায়কই। পরে দারুণ এক ডেলিভারিতে তিনি ফেরান বিপজ্জনক নাজিবউল্লাহ জাদরানকেও।

Image

দারুণ বোলিংয়ে উইকেট পেলেন সাকিব আল হাসান। ছবি: বিসিবির ফেইসবুক পাতা

গত ওয়ানডে বিশ্বকাপে অবিস্মরণীয় অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছিলেন সাকিব। এই আফগানিস্তানের বিপক্ষে গড়েছিলেন ফিফটির পাশাপাশি ৫ উইকেট নেওয়ার দারুণ কীর্তি। এবারও বল হাতে বিশ্ব আসরের শুরুটা করলেন তিনি দারুণ।

শুধু বোলার সাকিবের কথা বললে অপূর্ণ রয়ে যায় এ দিনের অনেক কিছুই। অধিনায়কত্বেও এ দিন তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। সাকিব যেদিন ‘চার্জড আপ’ থাকেন, তার প্রতিটি পদক্ষেপে তা ফুটে ওঠে। তার সেই শরীরী ভাষা প্রতিফলিত হয় দলের অন্যদের মধ্যেও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সেই সাকিবের দিন। মাঠে তার বিচরণই বলছিল, তিনি আজ কিছু করতে চান!

উইকেট নেওয়ার পর তার উদযাপনে ছিল আগ্রাসন। বড় বাধা হয়ে থাকা গুরবাজকে যখন ফেরালেন মুস্তাফিজুর রহমান, সাকিবের উল্লাসের ভাষায়ও ফুটে ওঠে সেই বুনো আগ্রাসনের প্রতিচ্ছবি। একবার একটি সিঙ্গেল ঠেকাতে গিয়ে ঝাঁপিয়েও ব্যর্থ হলেন। মাঠেই পড়ে থাকলেন বেশ কিছুক্ষণ। একটি রান বাঁচাতে না পারায় নিজের ওপর কী যে বিরক্ত হলেন!

মাঠে পজিশন পরিবর্তনের সময় সতীর্থ একজন একটু ঢিলেমি করছিলেন, তাকে তাড়া দিয়ে সাকিব নিজেও এমনভাবে দৌড়ানোর ভঙ্গি করলেন যে, সেই সতীর্থ বুঝে গেলেন, একটুও ঢিল দেওয়ার অবকাশ নেই।

সাকিবের বোলিং পরিবর্তন ছিল এ দিন প্রায় নিখুঁত। তিনি নিজে বোলিংয়ে আসার পরপরই উইকেট নিয়েছেন দুই স্পেলে। আরেক স্পেলে উইকেট নিয়েছেন ফিরে প্রথম ওভারেই। তাসকিন আহমেদকে আক্রমণে আনলেন মাঝামাঝি সময়, ধরা দিল মোহাম্মাদ নাবির উইকেট। এভাবেই মুস্তাফিজ, শরিফুল ইসলামদেরও কাজে লাগান দারুণভাবে। হাশমাতউল্লাহ শাহিদির সামনে মিরাজকে এমনভাবে ব্যবহার করেন যে, আফগান অধিনায়ক দম ফেলার সুযোগও পাচ্ছিলেন না।

সব মিলিয়ে, আফগানিস্তানের ভালো শুরুর পরও বাংলাদেশ যে ফিরে এলো প্রবলভাবে, চাপ আলগা হলো না একটুও, শঙ্কার ম্যাচে এমন দাপুটে যে জয় ধরা দিল, সেই জয়ের আগাগোড়া ছাপ আছে সাকিবের।

সাকিবময় সেই জয়ের কারিগরদের একজন মিরাজ। বয়সভিত্তিক ক্রিকেটের ‘জেনুইন অলরাউন্ডার’ আন্তর্জাতিক ক্রিকেটে এসে কীভাবে শুধু বোলার হয়ে গেলেন, সেই হাহাকার এখন অনেকটাই অতীত। স্রেফ বোলার থেকে বোলিং অলরাউন্ডার হয়ে উঠে এখন মিরাজ সত্যিকারের অলরাউন্ডার। গত কিছুদিনে ব্যাট হাতে তার যে পারফরম্যান্স, তাতে তাকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলা যায় অনায়াসে। এখন স্রেফ ধারাবাহিকতা ধরে রাখার পালা। মিরাজ তা করছেন দারুণভাবেই!

বাংলাদেশের বিশ্বকাপ অভিযানে এখনও পর্যন্ত সেরা ব্যাটসম্যান মিরাজই। গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাট করেন তিনি। সেই ফর্ম বয়ে আনলেন মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচেও। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর মিরাজের ফিফটিই বাংলাদেশকে ভরসা জোগায় জয়ের পথে এগিয়ে যেতে।

এই জায়গাটিতেই এখন নিজেকে আলাদা করে মেলে ধরছেন মিরাজ-‘ভরসা।’ তার ব্যাট এখন দলের নির্ভরতার একটি জায়গা। যে কোনো পজিশনেই তিনি উজ্জ্বল। মাসখানেক আগে এই আফগানদের বিপক্ষেই এশিয়া কাপে ওপেন করে সেঞ্চুরি করেছিলেন। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন নম্বরে ব্যাট করলেন বিশ্বকাপের এই ম্যাচে। সেখানেও দারুণ ফিফটি।

Image

বিশ্বকাপে নিজের প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার পথে মেহেদী হাসান মিরাজের চমৎকার একটি শট। ছবি: বিসিবি

ওয়ানডেতে এই নিয়ে সাতটি পজিশনে ব্যাট করা হয়ে গেল তার। কোনো অভিযোগ নেই, আপত্তি নেই। আছে শুধু তাড়না। মেলে ধরার, নিজেকে ছাড়িয়ে যাওয়ার তেষ্টা। এই বিশ্বকাপেই হয়তো কোনো একটা পর্যায়ে তাকে ওপেন করতে হতে পারে। খেলতে হতে পারে চারে বা ছয়ে কিংবা আটে। দল জানে, মিরাজ তৈরি থাকবেন। তিনি জানেন, দলের জন্য তৈরি থাকতে হবে। সবকিছুর জন্য।

ব্যাটিংয়ের আগে যথারীতি বল হাতেও তিনি ছিলেন দারুণ কার্যকর। ধারামশালার উইকেট এমনিতে গতিময় ও বাউন্সি হিসেবে পরিচিত থাকলেও এই ম্যাচে সময়ের সঙ্গে কিছুটা মন্থর হয়েছে, স্পিন ধরেছে উইকেটে। মিরাজ তা কাজে লাগিয়েছেন পুরোপুরি।

সাকিব প্রথম দুই উইকেট নেওয়ার পর মাঝের ওভারগুলোয় আফগানদের স্রেফ উইকেটে আটকে রেখেছিলেন মিরাজ। বাড়তি কোনো সুযোগই দেননি। আফগানরাও হাঁসফাঁস করে উইকেট বিলিয়ে এসেছেন তার বলে।

ফিল্ডিংয়ে তো বরাবরেই মতোই তিনি ছিলেন দারুণ। সব মিলিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের এমন সমন্বয় আর কার মাঝে দেখা যায়!

নামটি তো সবারই জানা। হ্যাঁ, সাকিবের সীমানাতেই এদিন পা রাখেন মিরাজ।

পরিসংখ্যানেও একটি পাতায় এখন স্রেফ এই দুজনের উপস্থিতি। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এক ম্যাচে ফিফটি ও ৩ উইকেটের জোড়া পারফরম্যান্স শুধুই তাদের দুজনের।

মিরাজ শেষ পর্যন্ত সাকিব হতে পারবেন কি না, তা সময়ের হাতেই তোলা থাকবে। তবে সাকিবের ছায়াতলে থেকে বিশ্বমঞ্চে এমন পারফরম্যান্স তো সেই সময়ের পানে ছুটে চলার বার্তাই দেয়!

তোমার পতাকা যারে দাও, তারে বহিবার দাও শকতি। সাকিব খুব কাছ থেকেই দেখছেন, একজন মিরাজ গড়ে উঠছেন, সাকিব হয়ে!