২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত ইনিংসে নায়ক রাহুল

বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ সেরা হলেন ভারতের এই ব্যাটসম্যান।

দুর্দান্ত ইনিংসে নায়ক রাহুল

বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমে ১১৫ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 12:06 AM

Updated : 09 Oct 2023, 12:06 AM

চার নম্বরে যখন ক্রিজে যান লোকেশ রাহুল, ২ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে ভারত। সেখান থেকে কী দুর্দান্ত ইনিংসই না খেললেন তিনি। ফিরলেন দলের জয় সঙ্গী করে।  

চেন্নাইয়ে রোববার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। স্রেফ তিন রানের জন্য সেঞ্চুরি পাননি রাহুল। তবে ১১৫ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই। 

টার্নিং উইকেটে ২০০ রানের লক্ষ্য তাড়ায় প্রথম দুই ওভারের মধ্যেই ইশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারকে হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। স্কোর হয়ে যেতে পারত ৪ উইকেটে ২০। তবে ১২ রানে ভিরাট কোহলির ক্যাচ নিতে ব্যর্থ হন মিচেল মার্শ। সেটির চড়া মূল্য দিতে হয় অস্ট্রেলিয়াকে। 

চতুর্থ উইকেটে কোহলি ও রাহুল ১৬৫ রানের দারুণ এক জুটিতে ম্যাচের লাগাম টেনে নেন নিজেদের দিকে। কোহলি ১১৬ বলে ৮৫ করে বিদায় নিলেও কাজ শেষ করে আসেন রাহুল। 

৮টি চার ও ২টি ছক্কায় সাজানো রাহুলের ৯৭ রানের ইনিংস। সেঞ্চুরির একটা সুযোগও ছিল তার সামনে। দলের জয়ের জন্য দরকার যখন ৫, শতক থেকে ৯ রান দূরে ছিলেন রাহুল। শতকের জন্য একটি চারের পর তাকে মারতে হতো ছক্কা। প্যাট কামিন্সকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে বাউন্ডারিই মারতে চেয়েছিলেন তিনি, কিন্তু টাইমিং এতটাই ভালো হয় যে, ছক্কা হয়ে যায়। তখন তার অভিব্যক্তিতে ফুটে উঠছিল বিস্ময়। 

বিশ্বকাপে ১০ ম্যাচে এবারই প্রথম সেরার পুরস্কার পেলেন রাহুল। এ দিনের ৯৭ বিশ্বকাপে তার দ্বিতীয় সেরা। একমাত্র সেঞ্চুরি করেছিলেন গত আসরে শ্রীলঙ্কার বিপক্ষে।