২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁধের চোট ‘ম্যানেজ’ করেই খেলছেন তাসকিন, বিশ্বকাপের পর সিদ্ধান্ত

ব্যথা বেড়ে গেলে মাঠে শতভাগ দেওয়া কষ্টকর হয়ে যায়, বললেন তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 07:22 PM

Updated : 27 Oct 2023, 07:22 PM

সংবাদ সম্মেলনে আসতে দেখেই ধারণা করা যাচ্ছিল, দুই ম্যাচ বাইরে থাকার পর ফিরছেন তাসকিন আহমেদ। পরে এক প্রশ্নের উত্তরে একরকম নিশ্চিতই করে দিলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন তিনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দলের তারকা পেসারের কাঁধের চোটের সবশেষ অবস্থা কী? উত্তরে তাসকিন জানালেন, চোট বয়ে নিয়েই খেলছেন দুই বছর ধরে!

বিশ্বকাপের শুরুর আগে থেকেই বাংলাদেশের পেস বিভাগের বড় নির্ভরতা তাসকিন। তবে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সে অচেনা রূপে দেখা যায় তাকে। পরে ভারতের বিপক্ষে চতুর্থ ম্যাচে তাকে রাখা হয় একাদশের বাইরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে জানা যায়, কাঁধের চোটে ভুগছেন ২৮ বছর বয়সী পেসার।

তার কাঁধের এই চোট মূলত বেশ পুরোনো। গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম এই ব্যথা টের পান তাসকিন। পরে বিসিবির তত্ত্বাবধানে যুক্তরাজ্যে গিয়ে বিশেষজ্ঞ দেখিয়ে আসেন তিনি। তখন অস্ত্রোপচারের বদলে ওই চিকিৎসকের দেওয়া বিকল্প পথ, পুনর্বাসনের মাধ্যমে চোট সামলে খেলা চালিয়ে নেওয়াকেই বেছে নেন তাসকিন।

পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে প্রায় দেড় বছর টানা সব সংস্করণে খেলেছেন তাসকিন। কিন্তু বিশ্বকাপের মাঝে ফিরে এসেছে পুরোনো সেই ব্যথা। যে কারণে প্রথম তিন ম্যাচ খেলার পর দুইটিতে থাকতে হয়েছে মাঠের বাইরে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার তিনি জানালেন, কিছু দিন বিশ্রাম নিয়ে এখন ভালো অনুভব করছেন।

“আসলে কাঁধের এই চোট প্রথম হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজে, প্রায় দুই বছর আগে। আমার (ডান কাঁধে দেখিয়ে) এই টেন্ডনে একটু চিড় আছে অনেক আগে থেকেই। এটা ম্যানেজ করেই সবসময় খেলছি। এশিয়া কাপ, বিশ্বকাপ সবগুলো এই ব্যথা নিয়ে খেলছি আমি।”

“হঠাৎ একটু ব্যথা বেড়ে গিয়েছিল। তখন টিম ম্যানেজমেন্ট... চিকিৎসকরা এমআরআই করে দেখেন, একটু ফুলে গিয়েছিল ভেতরে। তার জন্য কয়েকটা দিন বিশ্রাম নিয়ে এখন আল্লাহ্‌র রহমতে ভালো অনুভব করছি। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ্‌ এখন অনেক ভালো অবস্থায় আছি। খেললে আরও বোঝা যায় কী অবস্থা হয়।”

এসময় গত বছর চোট পাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার পুরো সময়টা ব্যাখ্যা করেন জাতীয় দলের গতিময় এই পেসার। তিনি জানান, বিশ্বকাপের পর কাঁধের এই চোটের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।

“ক্রিকেটার হিসেবে আমি তো সবসময়ই খেলতে চাই। চোট পাওয়ার পর আমাকে যখন যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল, শল্যবিদ বললেন যে, অস্ত্রোপচার করলে কোনো গ্যারান্টি নাই যে ঠিক হয়ে যাবে কিনা এবং প্রায় বছরখানেক সময় লাগবে সেরে উঠতে। আরেকটা বিকল্প দিয়েছিল পুনর্বাসনের। দেড় মাসের মতো রিহ্যাবে থেকে আল্লাহ্‌র রহমতে এখন পর্যন্ত খেললাম।” 

“এখন আবার একটু (ব্যথা) বেড়ে গেছে। বিশ্বকাপের পরে হয়তো কোনো কাঁধ বিশেষজ্ঞকে দেখিয়ে কোনো একটা পরিকল্পনা করবে বোর্ড যে, আরেকটু রিহ্যাব করে কীভাবে খেলা চালিয়ে নেওয়া যায়। আসলে সার্জারিটা একদম শেষ পথ। আমিও চাই রিহ্য্যাব করে যতটা সামলে রাখা যায়।” 

চোটের সঙ্গে লড়াইয়ে কখনও কখনও আপোষ করতে হয় পারফরম্যান্সের সঙ্গে। এক্ষেত্রে ফাস্ট বোলারদের চিরায়ত এক সত্যই তুলে ধরেন তাসকিন।

“ব্যথাটা যখন বেড়ে যায়, তখন একটু কষ্ট হয়। শতভাগ দিতে একটু কষ্ট হয়। ফাস্ট বোলার হিসেবে কমবেশি সবারই ছোটখাটো অস্বস্তি থাকে। সামলে নিয়েই খেলতে হয়। সবাই দোয়া কইরেন যেন আমার কাঁধটা দ্রুত ঠিক হয় পুরোপুরি। তাহলেই ইনশাআল্লাহ্‌ সামনে ভালো হবে আরও।”