২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামসন ‘দারুণ অবস্থায়’, বাংলাদেশ ম্যাচে ‘ফিরতে প্রস্তুত’ সাউদিও

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে দুই অভিজ্ঞ তারকার ব্যাপারে সুখবরই পেল নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 01:44 PM

Updated : 11 Oct 2023, 01:44 PM

প্রথম দুই ম্যাচ বাইরে থাকার পর বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেন কেন উইলিয়ামসন, এমন আভাস আগেই দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। সেই পথে দারুণ উন্নতি করেছেন কিউই অধিনায়ক। একই ম্যাচ দিয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন অভিজ্ঞ পেসার টিম সাউদিও।

নিয়মিত অধিনায়ককে ছাড়াই বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে নিউ জিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর দ্বিতীয়টিতে নেদারল্যান্ডসকেও উড়িয়ে দিয়েছে গত দুই আসরের রানার্স-আপরা। জয়ের ধারা অব্যাহত রাখার অভিযানে তাদের পরের প্রতিপক্ষ বাংলাদেশ।

চেন্নাইয়ে শুক্রবার দিবা-রাত্রির ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা। ওই ম্যাচের আগে দুই অভিজ্ঞ তারকা উইলিয়ামসন ও সাউদির ব্যাপারে আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন প্রধান কোচ। সংবাদ সম্মেলনে স্টিড জানিয়েছেন, দুজনই চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত।

“সে (উইলিয়ামসন) খুব ভালো উন্নতি করছে। গত ৫-৬ দিন দারুণ গিয়েছে, ফিল্ডিংয়ে কাজ করেছে। এই মুহূর্তে কেনের ব্যাপারে এটিই দেখার। বিষয়টা এমন নয় যে, তার চোট কেমন। এখন তার উইকেটে দৌড়ানো, ৫০ ওভার ম্যাচে টানা ফিল্ডিং করার বিষয়গুলো দেখা হচ্ছে। তার বর্তমান অবস্থায় আমরা আনন্দিত।”

“(পরবর্তী ম্যাচের আগে) আমাদের আরও দুটি অনুশীলন সেশন রয়েছে। এই মুহূর্তে কেনের জন্য সবকিছু দারুণ অবস্থায় দেখা যাচ্ছে। আমরা এখনও সতর্কতা অবলম্বন করব। তবে সে যেভাবে (চোট থেকে ফিরে) এসেছে, আমরা খুবই খুশি।”

গত মার্চে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ের সময় লিগামেন্টে গুরুতর চোট পান উইলিয়ামসন। এরপর থেকে আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেননি তিনি। বিশ্বকাপ শুরুর আগে নিউ জিল্যান্ডের দুটি প্রস্তুতি ম্যাচে শুধু ব্যাটিং করেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।

উইলিয়ামসনের অবর্তমানে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেন রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচে দারুণ সেঞ্চুরির পর দ্বিতীয়টিতে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন তরুণ বাঁহাতি অলরাউন্ডার। এখন প্রায় ৭ মাস পর ফেরার অপেক্ষায় থাকা উইলিয়ামসনকে কার জায়গায় নেওয়া হবে, একাদশের ভারসামায় কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে কিউই শিবিরে।

“কেন যদি প্রস্তুতি থাকে, তাহলে খেলবে। এতে কোনো সন্দেহ। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমাদের এই মুহূর্তে আলোচনা চলছে যে, কীভাবে একাদশ সাজাতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা প্রথম ম্যাচে জিমি নিশামকে নিয়েছি, পরেরটিতে নেইনি। এটি পুরোপুরি কন্ডিশনের ওপর নির্ভর করে সাজানো হয়েছিল। প্রতি ম্যাচের আগেই আমাদের আলোচনা চলছে যে, প্রতিপক্ষের ওপর নির্ভর করে, প্রতিটি পরিস্থিতিতে কারা সঠিক ভারসাম্য দিতে পারে দলে।”

গত মাসে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ চলাকালে জো রুটের ক্যাচ নিতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান সাউদি। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় চিড় ধরা পড়লে দেশে ফিরে ওই আঙুলে অস্ত্রোপচার করান ৩৪ বছর বয়সী পেসার। সেরে উঠতে সময় লাগায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ বাইরেই রাখা হয় সাউদিকে।

“একাদশে বিবেচনার জন্য প্রস্তুত টিম সাউদি। সে ভালোভাবে এগোচ্ছে। দেখে মনে হচ্ছে, আঙুল ভালোভাবে জোড়া লেগেছে। গত কয়েকটি অনুশীলন সেশনে সে পুরো দমে বোলিং করেছে। তাই একাদশ বাছাইয়ে সেও আলোচনায় থাকছে।”