মাঝেমধ্যে হাসির দরকার আছে: সাকিব
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে ও প্রাণবন্ত দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে।
সংবাদ সম্মেলনের শেষ দিকে হাসির ফোয়ারা ছুটল যেন। একটা প্রশ্ন শুনে সাকিব আল হাসান হাসলেন বেশ এক চোট। গোটা কক্ষেও হাসির রোল উঠল। চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ অধিনায়ক চওড়া হাসিতেই বললেন, “মাঝেমধ্যে হাসির দরকার আছে…।”
হাসির দরকার আছে তো বটেই। তবে বাংলাদেশ দলের পারফরম্যান্স হাসির উপলক্ষ এনে দিতে পারেনি। দলের মধ্যেও হাসিখুশির উপকরণ খুব একটা চেখে পড়েনি। সাকিব নিজেও বিশ্বকাপ শুরুর আগে থেকে বিশ্বকাপের মাঝামাঝি পর্যন্ত অনেকটাই দূরে ছিলেন সংবাদমাধ্যম থেকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাকে পাওয়া যাচ্ছিল না। সেই তিনিই কলকাতায় এসে পরপর দুটি সংবাদ সম্মেলনে এলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে তাকে দেখা গেল বেশ ফুরফুরে।
শুধু শেষ দিকেই নয়, ১৩ মিনিটের সংবাদ সম্মেলনে অনেকবারই তাকে হাসতে দেখা গেল। মজা করতে দেখা গেল। হতে পারে এটা কৃত্রিম, বা চেষ্টা করছেন নির্ভার থাকতে, কিংবা হতে পারে, সত্যিই তিনি চনমনে।
গত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পর্যদুস্ত হওয়ার পর সংবাদ সম্মেলনেও সাকিবকে মনে হচ্ছিল বিধ্বস্ত। শেষ তিন ম্যাচ নিয়ে আশার কথা বলতে গিয়েও তিনি বারবার বলছিলেন, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। সেই সাকিবকে সোমবার দেখা গেল দারুণ প্রাণবন্ত চেহারায়। ১৩ মিনিটের সংবাদ সম্মেলনে বারবারই তাকে মনে হলো বেশ উচ্ছ্বল। তার কিছু উত্তরেও মিশে থাকল সেই রেশ।
ভারতের বর্ষীয়ান এক সংবাদকর্মী প্রশ্ন করলেন, “প্রতিটি বাংলাদেশি চায় আপনি যেন পারফর্ম করেন, আপনি দেশে ফিরে ছেলেবেলার কোচের সঙ্গে কাজ করলেন, এসব নিয়ে কী বলবেন?” সাকিব মুচকি হাসিতে বললেন, “আমি নিজেও তো চাই পারফর্ম করতে!” সংবাদ সম্মেলন কক্ষে হালকা হাসির রোল উঠল। ওই সংবাদকর্মী আবার প্রশ্ন করলেন, “কীভাবে?” এবার আরও বড় হাসিতে সাকিবের উত্তর, “চেষ্টা করছি সেটির পথ খুঁজে বের করতে…।”
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সাকিবের কণ্ঠ অনেক ম্রিয়মান ছিল, সেটি মনে করিয়ে দিলেন আরেক সংবাদকর্মী। তার প্রশ্নের মাঝপথেই সাকিবের পাল্টা জিজ্ঞাসা, “এখন কি কণ্ঠ বদলে গেছে?” যথারীতি তার মুখে হাসি।
তাকে প্রশ্ন করা হলো, দুই দিনের মধ্যে নিজেদের কতটা উজ্জীবিত করা গেল। সাকিব বললেন, “আমরাই কেবল আমাদের অবস্থা বদলাতে পারি, নিজেদের কাজ দিয়ে। সেটাই চেষ্টা করছি…।”
অর্থাৎ পরিষ্কার, চেষ্টার অংশ হিসেবেই এই হাসিখুশি সাকিবের আবির্ভাব। সেমি-ফাইনাল খেলার স্বপ্ন চুরমার হয়ে গেছে, একের পর এক হারের মালা গলায় জুটেছে। এমনকি নেদারল্যান্ডসের বিপক্ষেও যাচ্ছেতাইভাবে হারতে হয়েছে। মাঠে ক্রিকেটোরদের বিচরণ, দলের শরীরী ভাষা, সব কিছুতেই ফুটে উঠেছে, প্রচণ্ড চাপে জেরবার এই দল।
সেই হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তির চেষ্টা এই ফুরফুরে মেজাজে থাকা। সাকিব জানালেন যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তারা নিজেরা অনেক কথা বলেছেন, করণীয় নিয়ে আলোচনা করেছে, দায়িত্ববোধ নিয়ে কথা বলেছেন। মানসিকভাবে নিজেদের চাঙা করার চেষ্টা করেছেন। এখন মাঠের ক্রিকেটে সেই মানসিকতার প্রতিফলন ফেলার পালা।
সংবাদ সম্মেলনে শেষ প্রশ্নটি হলো এরকম, “পাকিস্তান দলের অবস্থাও অনেকটা বাংলাদেশের মতো, টানা চার ম্যাচ হেরেছে, ব্যাডপ্যাচ যাচ্ছে, সেটা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা বা প্রেরণা হতে পারে কি না…।” প্রশ্ন শেষ হওয়ার আগেই সাকিব প্রাণখোলা হাসিতে বললেন, “একই কথা তো ওরাও বলতে পারে যে বাংলাদেশ টানা পাঁচটি ম্যাচে হেরেছে, এটা ওদের বাড়তি সুবিধা নাকি….।”
এরপর বলে গেলেন ওই কথাটি যে, মাঝেমধ্যে হাসির দরকার আছে। এমনিতে বলা হয় যে হাসির চেয়ে মহৌষধ আর নেই। পাকিস্তান ম্যাচের আগে দলের ক্ষত সারাতে এটিই এখন দাওয়াই।
