রোহিত-কিষান-শ্রেয়াসের শূন্যতে ভারতের ‘প্রথম’
রানের খাতা খোলার আগেই ফিরেছেন প্রথম চার ব্যাটসম্যানের তিন জন।
প্রথম ওভারে ইশান কিষানকে ফিরিয়ে ব্রেক থ্রু দিলেন মিচেল স্টার্ক। পরের ওভারে জশ হেইজেলউডের শিকার রোহিত শার্মা, শ্রেয়াস আইয়ার। কেউই পারেননি রানের খাতা খুলতে। খালি হাতে ড্রেসিং রুমে ফেরার বিব্রতকর রেকর্ডের সঙ্গী হলেন ভারতের তিন ব্যাটসম্যান।
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ২০০ রানের লক্ষ্যে স্রেফ ২ রানে ৩ উইকেট হারায় ভারত। এই প্রথম ওয়ানডে সংস্করণে কোনো ম্যাচে ভারতের প্রথম চার ব্যাটসম্যানের তিন জন আউট হলেন শূন্য রানে।
অফ স্টাম্পের অনেক বাইরের বলে প্রথম স্লিপে ক্যাচ দেন কিষান। ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হন রোহিত। আলগা শটে শর্ট কভারে ধরা পড়েন শ্রেয়াস।
বিশ্বকাপে প্রথম চার ব্যাটসম্যানের তিন জনের খালি হাতে ফেরার পঞ্চম ঘটনা এটি। পাকিস্তান দুইবার, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ব্যাটসম্যানদের একবার করে আছে এমন তেতো অভিজ্ঞতা।
সব মিলিয়ে ওয়ানডেতে ১৪ বার দেখা গেছে এমন ঘটনা। সবচেয়ে বেশি ৬ বার এই ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তান।
এছাড়া এই সংস্করণে প্রথম তিন ব্যাটসম্যানের শূন্য রানে ফেরার ঘটনা রয়েছে দুটি। দুবারই এটি করেছে পাকিস্তান। এর একটি আবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৯৮৩ সালের বিশ্বকাপে।
