২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের ব্যর্থতার জন্য ভাগ্যকে দুষলেন মিরাজ

ক্রিকেটাররা চেষ্টার কমতি রাখছে না জানিয়ে এই অলরাউন্ডার বললেন, ভাগ্যের কাছে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 08:56 AM

Updated : 01 Nov 2023, 03:17 PM

বাংলাদেশের ব্যাটসম্যানরা শট ঠিকঠাকই খেলছেন। কিন্তু কোনো অলৌকিক কারণে বল চলে যাচ্ছে সোজা ফিল্ডারের কাছে। বোলিংও ভালোই হচ্ছে। কিন্তু কোনো কারণে তা কার্যকর হচ্ছে না। মেহেদী হাসান মিরাজের কথার মূল সুর এরকমই। এই অলরাউন্ডারের মতে, চেষ্টার কোনো কমতি নেই তাদের। কিন্তু স্রেফ ভাগ্যের কাছে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ দল। 

এবারের বিশ্বকাপে ব্যর্থতার চলমান ধারায় বাংলাদেশ পর্যদুস্ত হয়েছে পাকিস্তানের কাছেও। ইডেন গার্ডেন্সে মঙ্গলবার পাকিস্তানের কাছে স্রেফ উড়ে গেছে সাকিব আল হাসানের দল।

কেবল এক ম্যাচের চিত্র এটি নয়। এই নিয়ে টানা ৬ ম্যাচে বাংলাদেশ হেরেছে একরকম লড়াই না করেই। ধারামশালায় আফগানিস্তানের বিপক্ষে জয়টিকে মনে হচ্ছে সুদূর অতীতের কোনো ঘটনা। এরপর থেকে যত ম্যাচ পেরিয়েছে, বাংলাদেশের পারফরম্যান্স কেবল তলানি থেকে আরও তলানিতে পৌঁছেছে।

বিশেষ করে ব্যাটিং সেভাবে জ্বলে উঠতে পারেনি এক ম্যাচেও। ৭ ম্যাচের স্রেফ ২টিতে পুরো ৫০ ওভার খেলতে পেরেছে বাংলাদেশ। অবিশ্বাস্যভাবে, স্রেফ একটি ম্যাচে দলের রান স্পর্শ করেছে আড়াইশ।

ব্যাট হাতে মিরাজকে নিয়েও দলের ছিল অনেক আশা। বিশ্বকাপের আগে এশিয়া কাপে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরির পর তার ওপরে টিম ম্যানেজমেন্টের ভরসা এতটাই বেড়ে যায় যে, তাকে ব্যাটিং অর্ডারে ওপরে জায়গা দিতে বিশ্বকাপের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয় ম্যাচের পর ম্যাচে। কিন্তু তিনিও প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি। প্রথম ম্যাচের পর আর ফিফটি পাননি। তিন ম্যাচে ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি।

মিরাজের অবশ্য দাবি, তারা সাধ্যের সবটুকু দিয়েই চেষ্টা করছেন। কিন্তু বাধ সেধেছে ভাগ্য।

“দিনশেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই চেষ্টা করছি। কেউ কিন্তু খারাপ খেলতে চায় না। আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু অনেক সময় ভাগ্য কাজ করে না। ভাগ্য পক্ষে থাকছে না। আমরা ব্যাটসম্যানরা যেখানেই শট খেলছি, হাতে চলে যাচ্ছে বল। ক্যাচ হচ্ছে, নয়তো ফিল্ডিং হচ্ছে। বোলিং যখন করছি, কিছু না কিছু হচ্ছেই। এরকম কখনও হয়নি। গত তিন বছর ধরে আমরা যে ওয়ানডে খেলেছি, এখন ভাগ্য কম কাজ করছে।”

“এরকম কখনোই হয়নি। আমি যেটা আগে বললাম, ভাগ্য আমাদের পক্ষে থাকছে না। কারণ, সবাই চেষ্টা করছি, সবাই অনুশীলন করছি, পরিকল্পনা করছি। কিন্তু দিন শেষে ভাগ্যে থাকতে হবে। ভাগ্যে না থাকলে কখনোই সফল হবেন না। এটা আমি বিশ্বাস করি। জানি না, কে বিশ্বাস করে। দিনশেষে আল্লাহর রহমত দরকার এবং অবশ্যই ভাগ্য দরকার।”

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ইডেন গার্ডেন্সের গ্যালারির প্রায় ১৫ হাজার দর্শকের বেশির ভাগই ছিল বাংলাদেশের সমর্থক। তারা মাঠ ছেড়ে যান এক বুক হতাশা নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নতুন আশা নিয়ে মাঠে আসেন প্রায় দ্বিগুন দর্শক। মাঠে থাকা প্রায় ২৮ হাজার দর্শকের বেশির ভাগই ছিল বাংলাদেশের সমর্থক। দেশ থেকে আশা নিয়ে খেলা দেখতে এসে এ দিনও তাদের ফিরে যেতে হয় ভাঙা মন নিয়ে। এছাড়াও দেশে কোটি ক্রিকেট অনুসারীদের হতাশা তো আছেই।

সমর্থকদের সেই হতাশা অনুধাবন করতে পারছেন মিরাজ। তার বিশ্বাস, দল ঘুরে দাঁড়াবে দ্রুতই।

“হতাশ আমরা সবাই হচ্ছি। চেষ্টা করছি ভালো খেলার। বাংলাদেশের দর্শকরা সবসময় সাপোর্ট করেন। নেদারল্যান্ডসের কাছে হারের পরও এই ম্যাচে আরও অনেক দর্শক হয়েছে। তারা কখনও আশা ছেড়ে দেয় না। বিশ্বাস করে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আমরাও বিশ্বাস করি। এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব।”

সেই ঘুরে দাঁড়ানো কিংবা সান্ত্বনা খোঁজার লড়াইয়ে বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী সোমবার ম্যাচটি হবে দিল্লিতে। বুধবারই কলকাতা থেকে দিল্লিতে যাবেন মিরাজরা।