২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে জয়সওয়ালের ভাবনায় ‘শুধু দ্রুত রান করা’

গত আইপিএলে ঝড় তোলা তরুণ ওপেনার এবার জাতীয় দলের হয়েও খেললেন বিধ্বংসী ইনিংস।

টি-টোয়েন্টিতে জয়সওয়ালের ভাবনায় ‘শুধু দ্রুত রান করা’

দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই দলের জয়ের নায়ক ইয়াশাসবি জয়সওয়াল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 11:43 AM

Updated : 13 Aug 2023, 01:56 PM

টেস্ট অভিষেকেই কদিন আগে ইয়াশাসবি জয়সওয়াল ছাপ রেখেছেন তার ধৈর্যের। ১৭১ রানের ইনিংস খেলেছেন তিনি ৫০১ মিনিট ক্রিজে কাটিয়ে। টি-টোয়েন্টিতে নামতেই দেখা গেল তার অন্য রূপও। এখানে অভিষেক রাঙাতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই তিনি মেলে ধরলেন নিজেকে। বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জিতিয়ে তরুণ ওপেনার বললেন, এই সংস্করণে তার চাওয়া থাকে কেবল দ্রুত রান তোলা। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শনিবার ভারতের জয়ের নায়কদের একজন জয়সওয়াল। ফ্লোরিডায় ১৭৯ রান তাড়ায় শুবমান গিলের সঙ্গে তার উদ্বোধনী জুটিই দলকে নিয়ে যায় প্রায় জয়ের কাছে।

১৬৫ রানের জুটি থামে গিল ৪৭ বলে ৭৭ করে আউট হলে। তবে জয়সওয়ালকে আউট করা যায়নি। ১১ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৮৪ রান করে অপরাজিত থেকে যান তিনি। দল জিতে যায় ৯ উইকেটে।

টি-টোয়েন্টি ব্যাটিংয়ে উন্নতির প্রমাণ দিয়েছেন অবশ্য তিনি গত আইপিএলেই। আগ্রাসী ব্যাটিং করে, উইকেটের চারপাশে শটের ফোয়ারা ছুটিয়ে ও দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে মুগ্ধতা ছড়ান। প্রথম শ্রেণির ক্রিকেটে তো শুরুটা দুর্দান্ত করেছেন আরও আগেই। প্রথম ১৫ প্রথম শ্রেণির ম্যাচেই সেঞ্চুরি করে ফেলেন ৯টি।

সেই পারফরম্যান্সের হাত ধরে ২১ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা পেয়ে যান ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের এই দুই সংস্করণের দলে। অভিষেকও হয়ে যায়। সাদা পোশাকে অভিষেকে অসাধারণ ওই ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও করেন ফিফটি।

টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে দর্শক হয়েই থাকেন তিনি। দল ২-০তে পিছিয়ে পড়ার পর তার সুযোগ আসে তৃতীয় ম্যাচে। সেদিন ১ রান করেই আউট হয়ে যান প্রথম ওভারে। তবে নিজেকে মেলে ধরতে সময় খুব একটা লাগল না তার। জ্বলে উঠলেন দ্বিতীয় ম্যাচেই।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা দেখে মনে হয়, ব্যাটিং বুঝি কত সহজ! তিনি অবশ্য বলছেন উল্টো কথা।

“অবশ্যই কাজটি সহজ নয়, তবে আমি স্রেফ মাঠে নেমে উপভোগ করতে ভালোবাসি। হার্দিক ভাই (অধিনায়ক পান্ডিয়া) ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তারা যেভাবে আমাকে উজ্জীবিত করেছেন, এটার প্রভাব পড়েছে পারফরম্যান্সে।”

পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করে এই ম্যাচে রান তাড়ায় দলকে মোমেন্টাম এনে দেন জয়সওয়াল। ৫ ওভারে ৫০ রান তুলে ফেলে ভারত। তাতে জয়সওয়ালের রানই ছিল ১৯ বলে ৩৪। গিলের অবদান তখন ১১ বলে ১৪। ষষ্ঠ ওভারে অবশ্য দুটি ছক্কা ও একটি চার মেরে গিলও ছুটতে শুরু করেন। জয়সওয়াল পরে ফিফটি করেন ৩৩ বলে।

জয়সওয়াল বললেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং দর্শনই এমন।

“আমি পরিকল্পনা সাজাই দলের চাওয়া বুঝে কীভাবে নিজেকে মেলে ধরতে পারি। শুধু ভাবি, কীভাবে দ্রুত রান তুলতে পারি, বিশেষ করে পাওয়ার প্লেতে কত বেশি রান করতে পারি। অবশ্যই উইকেট পড়তে হয়, পরিস্থিতি বুঝতে হয়। তবে আমার চাওয়া থাকে, সবসময়ই দ্রুত রান তোলা।”