টেস্ট অভিষেক হচ্ছে ব্রুকের
জনি বেয়ারস্টোর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।
জনি বেয়ারস্টোর চোট কপাল খুলে দিয়েছে হ্যারি ব্রুকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে এই সংস্করণে পথচলা শুরু হচ্ছে ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের।
লন্ডনের দা ওভালে বৃহস্পতিবার শুরু হবে দুই দলের লড়াই। আগের দিন ম্যাচের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে জায়গা হয়েছে ব্রুকের।
বেয়ারস্টো সুস্থ থাকলে ব্রুকের এই ম্যাচে খেলার সম্ভাবনা ছিল সামান্যই। কিন্তু গত শুক্রবার গলফ খেলতে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর চোট পান বেয়ারস্টো। তাতে আগামী বিশ্বকাপ থেকেও ছিটকে পড়েন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ব্রুক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এই সংস্করণে এখন পর্যন্ত ৪ ম্যাচে খেলে তার রান ৬৫। এবার টেস্ট অভিষেকও হয়ে যাচ্ছে ডানহাতি এই ব্যাটসম্যানের।
বয়সভিত্তিক ক্রিকেট থেকে নিজের সামর্থ্যের জানান দিয়ে আসছেন ব্রুক। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন তিনি। যুব বিশ্বকাপে অ্যালেস্টার কুকের পর সেঞ্চুরি করা দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৩৯ রান করে শেষ করেন ওই আসর।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রুকের অভিষেক হয় ২০১৬ সালে। লাল বলে এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলেছেন তিনি। ৭ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে রান করেছেন ৩ হাজার ৬৭। লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি আছে তার।
দ্বিতীয় টেস্টের একাদশ থেকে আর কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গে পেস আক্রমণে জায়গা ধরে রেখেছেন অলিভার রবিনসন। প্রথম টেস্টের পর আর সুযোগ পেলেন না ম্যাথু পটস।
ইংল্যান্ড একাদশ: অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অলিভার রবিনসন, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।
