২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক বাংলাদেশের সাবেক কোচ ওয়ালশ

মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ককে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক বাংলাদেশের সাবেক কোচ ওয়ালশ

কোর্টলি ওয়ালশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 09:44 PM

Updated : 17 Apr 2024, 09:43 PM

নতুন দায়িত্ব পেয়েছেন কোর্টলি ওয়ালশ। বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ক্যারিবিয়ান কিংবদন্তিকে নারী দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে ওয়ালশকে নিযুক্ত করেছে জিম্বাবুয়ে।

এই টুর্নামেন্টের বাছাই পর্ব আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে জিম্বাবুয়ে নারী দলের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ওয়ালশ।

১০ দলের বাছাই পর্বের দুই ফাইনালিস্ট অংশ নেবে মূল টুর্নামেন্টে। জিম্বাবুয়ে এর আগে কখনও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি।

টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট শিকারি প্রথম বোলার ওয়ালশ ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন। ২০১৯ বিশ্বকাপ দিয়ে শেষ হয় তার মেয়াদ। পরে আর তার চুক্তি বাড়ায়নি বিসিবি। ২০২০ সালের অক্টোবরে তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।

তার কোচিংয়ে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে দেশে ও পাকিস্তানের মাঠে সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে ক্যারিবিয়ান মেয়েরা খেলে সেমি-ফাইনালে। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বের আগেই বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরে তাই ওয়ালশের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি দলটি।

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার জিম্বাবুয়ের মেয়েদের পরামর্শক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক এই পেসার।

বাছাই পর্বে জিম্বাবুয়ে আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্বাগতিক আমিরাত ও ভানুয়াটু। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, স্কটল্যান্ড, উগান্ডা ও যুক্তরাষ্ট্র।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমি-ফাইনালে। সেখান থেকে ফাইনালে যাওয়া দুই দল পাবে মূল টুর্নামেন্টে খেলার সুযোগ।