ফুল টসে প্রথম টেস্ট উইকেট পেয়ে ফিলিপস বললেন, ‘ভাবতেও পারিনি এমন কিছু’
ফিলিপসের একটি লোপ্পা ফুল টস বলে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত।
দিনের প্রথম সেশনে যেভাবে হেসেছিলেন গ্লেন ফিলিপস, দিন শেষে আবার সেই হাসি খেলে গেল তার মুখে। প্রথমবার ছিল নাজমুল হোসেন শান্তকে আউট করার পর। দ্বিতীয়বার, সেই আউট নিয়ে কথা বলতে গিয়ে। আউটের ধরনটিই এমন, শান্ত আর তার সতীর্থরা ছাড়া হাসি পাবে হয়তো অন্য সবারই।
সিলেট টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির একটু আগের ঘটনা সেটি। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় ওভার করছিলেন ফিলিপস। ওভারের দ্বিতীয় বলটি করে বসলেন ফুল টস। একদম লোপ্পা ডেলিভারি যাকে বলে। ক্রিজে দাঁড়িয়ে থাকলে অন সাইডে হয়তো যে কোনো জায়গা দিয়ে উড়িয়ে মারতে পারতেন শান্ত। বড় শট খেলতে পারতেন অফ সাইডেও। কিন্তু তিনি যে আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গেছেন!
শট খেলার মতো যথেষ্ট জায়গা না পেয়েও ব্যাট চালিয়ে দেন শান্ত। তাতে বল শুধু ওপরের দিকেই ওঠে। লং অন সীমানা থেকে বেশ কিছুটা ভেতরে দৌড়ে ক্যাচ নেন কেন উইলিয়ামসন। ফিলিপস তো বিশ্বাসই করতে পারছিলেন না অমন ডেলিভারিতে উইকেট নিয়ে। মাথায় হাত দিয়ে হাসতে হাসতে ছুটে যান তিনি সতীর্থদের দিকে।
অন্য দিকে শান্ত তখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন ক্রিজেই। নিজের ওপর হতাশা বা বিরক্তি থেকেই হয়তো, বিশ্বাস করে উঠতে পারছিলেন না তিনিও। কিন্তু ততক্ষণে ফিলিপসের প্রথম টেস্ট শিকারে পরিণত হয়ে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
একসময়ের কিপার-ব্যাটসম্যান ফিলিপস এখন অলরাউন্ডার হয়ে ওঠার চেষ্টায় আছেন। সীমিত ওভারে প্রায় নিয়মিতই বোলিং করছেন। টেস্টেও উইকেট পাওয়া নিয়ে সম্ভাব্য অনেক ছবি কল্পনার চোখে তিনি এঁকেছেন। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত প্রথম শিকার যেভাবে ধরা দিল, তার ভাবনার সীমানায় ছিল না এমন কিছু।
“অনেক দিন ধরেই প্রথম টেস্ট উইকেট নিয়ে অনেক স্বপ্ন দেখে আসছি আমি। তবে এভাবে সেই উইকেট পাব, অবশ্যই তা ভাবিনি! অনেক সময় দেখা যায়, লেগ স্পিনাররা দুর্দান্ত সব ডেলিভারি করতে করতে হুট করে ফুল টস করে বসে। ব্যাটসম্যানদের চোখ জ্বলজ্বল করে ওঠে, জোরে মারতে গিয়ে ক্যাচ উঠে যায়। আমারও সবসময় মনে হয়েছে, এরকম কিছু হলে খারাপ নয়। তবে প্রথম টেস্ট উইকেট অবশ্যই এভাবে চাইনি!”
এভাবে উইকেট নিয়ে মজা পেলেও শান্তর প্রতি সহানুভূতি অবশ্য আছে ফিলিপসের।
“ফুল টসে আমিও আউট হয়েছি। সব ব্যাটসম্যানই ফুল টস আউট হয় কখনও না কখনও। আজকে আমার স্রেফ ভাগ্য ভালো ছিল।”
