২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গাভাস্কার-সাটক্লিফদের ছাড়িয়ে শাকিলের অনন্য কীর্তি

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত টেস্টেই অন্তত পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 05:53 PM

Updated : 26 Jul 2023, 06:09 PM

শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বল কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে ফিফটি পূর্ণ করলেন সাউদ শাকিল। তার নাম উঠে গেল ইতিহাসের এমন এক পাতায়, যেখানে নেই আর কেউ। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত টেস্টেই অন্তত পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।  

কলম্বো টেস্টের তৃতীয় দিন বুধবার পাকিস্তানের প্রথম ইনিংসে ফিফটি ছোঁয়ার পরের বলে আসিথাকে আরেকটি বাউন্ডারি মারেন শাকিল। এর পরের বলে এলবিডব্লিউ হয়ে ৫৭ রানে থামেন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

এই সিরিজেই গল টেস্টে দ্বিশতক করে শাকিল নাম লিখিয়েছিলেন ভারতের সুনিল গাভাস্কার, পাকিস্তানের সাঈদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার ও নিউ জিল্যান্ডের বার্ট সাটক্লিফের পাশে। তারা সবাই পঞ্চাশ ছুঁয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ছয় টেস্টে। এবার সবাইকে পেছনে ফেলে শাকিল উঠে গেলেন নতুন চূড়ায়।

গত ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শাকিলের। এখন পর্যন্ত সাত টেস্টের ১৩ ইনিংসে তার রান ৮৭৫। গড় ৮৭.৫০। দুটি শতকের একটি গল টেস্টের ওই দ্বিশতক। ফিফটি আছে ছয়টি। ২২ রানের নিচে কখনও আউট হননি তিনি।