‘রাহুলের এই হাফ সেঞ্চুরি আসলে সেঞ্চুরির মতোই ভালো’
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে লোকেশ রাহুলের দুর্দান্ত ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসায় সুনিল গাভাস্কার ও রবি শাস্ত্রী।
নতুন ভূমিকার শুরুতেই লোকেশ রাহুলের ‘ছক্কা!’ মানে, ব্যাট হাতে তিনি দুটি ছক্কা হাঁকিয়েছেন বটে, তবে এই ছক্কা আসলে তার সাফল্যে প্রতীক। টেস্ট ক্রিকেটে কিপার-ব্যাটসম্যানের ভূমিকায় ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরুতেই বাজিমাত করেছেন তিনি। প্রথম ইনিংসেই ব্যাট হাতে অসাধারণ খেলে দলকে উদ্ধার করেছেন বিপর্যয় থেকে। এই ইনিংস ও সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিকতা দেখে ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কারের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, এই রাহুলকেই এত বছর ধরে খুঁজছিলেন তারা!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সেঞ্চুরিয়ন টেস্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনা ছিল রাহুলকে নিয়ে। প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৯০ ম্যাচের স্রেফ একটিতে কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলেছেন যিনি, টেস্ট ক্যারিয়ারে আগে কখনও খেলেননি, তার কাঁধেই এবার এই যুগল ভার তুলে দেয় ভারতীয় দল।
এটা নিয়ে আলোচন-সমালোচনা হচ্ছিল অনেক। কিন্তু প্রথম দিনেই তিনি আপাতত চুপ করিয়ে দিলেন অনেককে। সেঞ্চুরিয়নে মঙ্গলবার যখন তিনি উইকেটে যান, ৯২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে দল। একটু পর ভিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকেও হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১২১।
সেখান থেকেই দলকে দারুণভাবে টেনে নেন রাহুল। একপ্রান্ত আগলেই শুধু রাখেননি, দারুণ সব স্ট্রোক খেলে পাল্টা আক্রমণও করেন। মার্কো ইয়ানসনকে উড়িয়ে মারেন এক্সট্রা কাভারের ওপর দিয়ে। নান্দ্রে বার্গারের ১৪২ কিলোমিটার গতির বলে ছক্কা মেরে পা রাখেন পঞ্চাশে। শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহর সোঙ্গ জুটিতে এগিয়ে নেন দলকে।
বৃষ্টিবিঘ্নিত দিন শেষে ভারতের রান ৮ উইকেটে ২০৮। ১০ চার ও ২ ছক্কায় রাহুল অপরাজিত ৭০ রানে।
গত কিছুদিনে ওয়ানডেতেও দারুণ ফর্মে ছিলেন রাহুল। গত আইপিএলে চোট পেয়ে লম্বা সময় বাইরে থাকার পর সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে তিনি ফেরেন। ওয়ানডেতে তার জায়গা নিয়ে তখন টুকটাক প্রশ্নও উঠছিল। কিন্তু ফেরার ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে উপহার দেন ১০৬ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস। পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হয়ে দারুণ পারফর্ম করেন বিশ্বকাপে। এই দক্ষিণ আফ্রিকা সফরে তার নেতৃত্বেই ওয়ানডে সিরিজ জয় করে ভারত। সেই ধারাবাহিকতা এবার বয়ে আনলেন তিনি টেস্ট ক্রিকেটে।
সবশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি করতে না পারায় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এখানেও ফেরাটা রাঙালেন দারুণ ইনিংস খেলে।
স্টার স্পোর্টসে আলাপচারিতায় গাভাস্কার বললেন, এই রাহুলকেই লম্বা সময় ধরে খুঁজছিলেন তারা।
“তার প্রতিভার কথা তো আমরা দীর্ঘদিন ধরেই জানি। কিন্তু আইপিএলের সেই ভয়ানক চোট থেকে ফেরার পর গত কয়েক মাস ধরে অন্য এক রাহুলকে দেখছি। এই রাহুলকেই আমরা দেখতে মুখিয়ে ছিলাম এত দিন ধরে। এখন তাকে এভাবে দেখাটা দারুণ আনন্দের। ধারাভাষ্যেও আমি এটা বলেছি যে, তার এই হাফ সেঞ্চুরি আসলে সেঞ্চুরির মতোই ভালো।”
গাভাস্কারের মতো, খেলা থেকে বাইরে থাকার সময়টায় ক্রিকেট নিয়ে রাহুলের দৃষ্টিভঙ্গি হয়তো বদলে গেছে। মানসিকতার এই পরিবর্তনেই ইতিবাচক প্রভাবই ব্যাটিংয়ে পড়ছে বলে ধারণা তার।
“ভালোবাসার এই খেলাটা লম্বা সময় বাইরে থাকলে, যে খেলা এত কিছু দিয়েছে, ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি চলে আসে এবং মনে হচ্ছে, তার ক্ষেত্রে এটিই হয়েছে। এটিকে এখন স্রেফ দায়িত্ব হিসেবে দেখছে না সে, বরং খেলা হিসেবে দেখছে এবং উপভোগ করছে। আমি পুরোপুরি ভুলও হতে পারি, তবে আমার কাছে এটিই মনে হচ্ছে, কারণ ক্রিজে তার বিচরণেই এখন অনেক বেশি ইতিবাচকতা।”
“আগে তাকে দেখলে মনে হতো যেন অনেকটা বুঝে উঠতে পারছেন না। কিন্তু এখন, তিনি খুব ভালোভাবেই জানেন কী হচ্ছে। এশিয়া কাপে তার সেই সেঞ্চুরির সময়টা থেকেই এটা মনে হচ্ছে। হয়তো বলতে পারেন, সে ভাগ্যবান, কারণ শ্রেয়াস আইয়ারে চোট না থাকলে সে সুযোগ পেত না (এশিয়া কাপে)। কিন্তু জীবনে এটাই প্রয়োজন, কিছুটা ভাগ্যের সহায়তা লাগে এবং সুযোগ এলে তা দুহাতে লুফে নিতে হয়। এটিই সে করেছে। এখন তাকে তিন সংস্করণ থেকেই বাদ দেওয়া কঠিন।”
আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও তুলে ধরলেন রাহুলের ব্যাটিং পজিশনের ব্যাপারটি। টেস্ট ক্রিকেটে এত দিন মূলত টপ অর্ডারে খেলছিলেন তিনি। আগের ৮১ ইনিংসের মধ্যে ৭৫টিই ছিল ওপেনিংয়ে, ৫টি তিনে। ছয় নম্বরে খেললেন টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো। শাস্ত্রীর ধারণা, মিডল অর্ডারে দারুণ সফল হবে ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান।
“ব্যাটিংকে সহজ করে তুলেছে সে। তার ফুটওয়ার্ক ও ব্যালান্স যদি দেখেন, অসাধারণ ছিল। তার এই ইনিংসটি আরও ফুটিয়ে তুলছে যে, টেস্টে তার উপযুক্ত ব্যাটিং পজিশন কোনটি। আমার ধারণা, ভারতের হয়ে মিডল অর্ডারে অনেক রান করতে সে।”
