২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের কাঠগড়ায় প্রথম দিনের বোলিং

বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর ছন্দ হারিয়ে ফেলা নিয়ে হতাশা ঝরেছে ভারত কোচের কণ্ঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 10:28 PM

Updated : 11 Jun 2023, 10:28 PM

সবুজ ঘাসের উইকেট, সঙ্গে মেঘলা আকাশ। এমন কন্ডিশনে টস জিতে বোলিং নিয়ে শুরুটা প্রত্যাশা মতোই করে ভারত। দ্বিতীয় সেশনের শুরুর দিকে তুলে নেয় অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট। কিন্তু এরপর সেদিন আর কোনো উইকেটই নিতে পারেনি দলটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের হারের জন্য ওই দুই সেশনের বিবর্ণ বোলিংকেই কাঠগড়ায় তুলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

ইংল্যান্ডের দা ওভালে রোববার ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ৪৪৪ রানের লক্ষ্য তাড়ায় রোহিত শর্মার দল করতে পারে ২৩৪ রান।

শিরোপা লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই চেপে ধরে ভারত। ৭৬ রানের মধ্যে প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয় তারা। কিন্তু এরপরই ম্যাচের গতিপথ বদলে দেন ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ।

তাদের জুটি কোনোভাবেই প্রথম দিন আর ভাঙতে পারেনি ভারত। উল্টো তাদের এলোমেলো বোলিংয়ে ছড়ি ঘোরান হেড। আগ্রাসী ব্যাটিংয়ে ওই দিনই সেঞ্চুরি করেন তিনি। স্মিথ পৌঁছে যান শতকের কাছে। ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া।

হেড-স্মিথের ২৮৫ রানের জুটির সৌজন্যে প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। পরে ভারত ২৯৬ রানে গুটিয়ে গেলে ১৭৩ রানে লিড পায় প্যাট কামিন্সের দল। দ্বিতীয় ইনিংস ২৭০ রানে ঘোষণা করে তারা ভারতকে দেয় পাহাড়সম লক্ষ্য। যার ধারেকাছেও জেতে পারেননি কোহলি-রোহিতরা।

পঞ্চম দিনে ম্যাচ হারের পর স্টার স্পোর্টসে আলোচনায় দ্রাবিড় আঙুল তোলেন প্রথম দিনের বোলিংয়ের দিকে। সবুজাভ উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সাড়ে চারশ ছাড়ানো রান করা যেন মানতেই পারছেন না সাবেক এই তারকা ব্যাটসম্যান।

“এটা ৪৬৯ রানের উইকেট ছিল না। প্রথম দিনের শেষ সেশনে কোনো উইকেট না নিয়ে ১৫৭ রান দেওয়া ছিল হতাশাজনক। কোন লাইন ও লেংথে বোলিং করতে হবে, আমরা জানতাম; লেংথ খারাপ ছিল না, কিন্তু আমাদের লাইন ছিল দূরে, যা ট্রাভিস হেডকে জায়গা করে দেয় এবং সে তা কাজে লাগায়, আর আমরা পিছিয়ে পড়ি।”

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দাপুটে ব‍্যাটিং ও শেষ পর্যন্ত ভারত ম্যাচ হেরে যাওয়ায় টস জিতে রোহিতের বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। দ্রাবিড় অবশ্য সমর্থন করছেন নিজেদের সিদ্ধান্তকেই।

“প্রথম সকালে, উইকেটে অনেক ঘাস ছিল, কন্ডিশন ছিল মেঘলা আর ইংল্যান্ডে আমাদের মনে হয়েছে ব্যাটিং ক্রমেই সহজ হবে-এমনকি চতুর্থ ও পঞ্চম দিনেও তেমন কিছু ঘটেনি। অনেক দল টস জিতে ফিল্ডিং করে। ৭০ (৭৬) রানে ৩ উইকেট, তখন মনে হয়েছে সিদ্ধান্ত ভালো ছিল। কিন্তু ম্যাচের রূপ পরের দুই সেশনে বদলে যায়।”

টি-টোয়েন্টি সংস্করণের আইপিএলের পরপরই ভারতকে খেলতে হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রস্তুতির খুব একটা সুযোগ পায়নি তারা। তবে ঠাসা সূচির এই সময়ে প্রস্তুতি নিয়ে অভিযোগ নেই দ্রাবিড়ের।