২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফিফকে রাখা ও তাইজুলকে বাদ দেওয়া নিয়ে নির্বাচকদের ‘বেশি আলোচনা’

এই দুজনের সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক বেশি আলোচনা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

আফিফকে রাখা ও তাইজুলকে বাদ দেওয়া নিয়ে নির্বাচকদের ‘বেশি আলোচনা’

তাইজুল ইসলাম (বাঁয়ে) ও আফিফ হোসেন। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 02:46 PM

Updated : 12 Aug 2023, 06:27 PM

১৭ জনের দল নিয়ে প্রশ্ন, কৌতূহল ও জিজ্ঞাসার জায়গা তো অনেক আছেই। তবে দল নির্বাচনের সময় বেশি আলোচনা হয়েছে আফিফ হোসেনকে দলে রাখা নিয়ে। তেমনি তাইজুল ইসলামকে বাদ দেওয়ার আলোচনাতেও বিস্তর সময় লেগেছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। 

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে চার ম্যাচ পর ওয়ানডে দলে ফেরেন আফিফ। তবে ফেরাটা সুখকর হয়নি তার। দুইবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিনি ৪ ও ০ রানে আউট হন। বাদ পড়ার আগেও সবশেষ ৬ ম্যাচে তার ছিল না কোনো ২৫ ছোঁয়া ইনিংস।  

তবু এশিয়া কাপের দলে টিকে গেছেন আফিফ। আফগানিস্তানের বিপক্ষে ফেরার সিরিজে সাত নম্বরে ব্যাটিং করেন তিনি। যে পজিশনে এর আগে মিরাজকে নিয়েই বেশি ভেবেছে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে নিজের সামর্থ্যের ছাপও রেখেছেন অফ স্পিনিং অলরাউন্ডার। 

সব কিছু বিবেচনা করে আফিফকে স্কোয়াডে রাখা নিয়ে টিম ম্যানেজমেন্টের আলোচনা লম্বা হয় বলে সংবাদ সম্মেলনে জানান প্রধান নির্বাচক।   

“আফিফকে নিয়ে অনেক আলোচনা হয়েছে… টিম ম্যানেজমেন্ট কেন চাচ্ছে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু কিছু জায়গা আছে, কিছু আমরা ছাড় দেই। যেটা হয়তো অধিনায়কের পছন্দ হতে পারে, কোচের চাহিদা হতে পারে। ওদিকে বিবেচনা করেই আমরা ওকে নিয়েছি।” 

আফিফের মতোই ৭-৮ নম্বরের বিবেচনায় আসতে পারেন শেখ মেহেদি হাসানও। ২০২১ সালের মার্চে নিউ জিল্যান্ড সফরে সবশেষ ওয়ানডে খেলেছেন ২৮ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার।  

সবশেষ ইমার্জিং টিমস এশিয়া কাপে তিন ইনিংসে ১৩১.৬৬ স্ট্রাইক রেটে ৭৯ রান করেন মেহেদি। রান সংখ্যার চেয়ে তার রান করার ধরন বেশি নজর কেড়েছে নির্বাচকদের। বল হাতে ওভারপ্রতি স্রেফ ৩.৭২ রান খরচায় ধরেন ৪ শিকার। এবার মূল এশিয়া কাপেও তাকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। 

“শেখ মেহেদি মাঝে বিপিএলের সময় কাঁধের ইনজুরিতে পড়েছিল। অনেক দিন ভুগেছে। তারপর যেহেতু আমাদের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল… এবার ইনজুরি থেকে ফিরে ইমার্জিং কাপেও যথেষ্ট ভালো করেছে। আশা করছি, এশিয়া কাপে সুযোগ পেলে নিজেকে নিজের মতো করে মেলে ধরতে পারবে।” 

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বেশ ভালো পারফর্ম করছেন শামীম। তবে ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি আগ্রাসী বাঁহাতি ব্যাটসম্যানের। এশিয়া কাপে মূল একাদশে সুযোগ পেতে তাকে লড়তে হবে মিরাজ, আফিফ ও মেহেদির সঙ্গে।  

বিশ ওভারের সংস্করণে শামীমের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী বরে জানান প্রধান নির্বাচক। 

“অনূর্ধ্ব-১৯ থেকে আসার পরে শামীম আমাদের হাই পারফরম্যান্স ইউনিটে ছিল। আমাদের টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটার। ২০২১ বিশ্বকাপের পর মাঝের সময়ে পারফরম্যান্স একটু নিম্নমুখী ছিল। তারপরে ঘুরে দাঁড়িয়েছে।”  

“সম্প্রতি যতগুলো সিরিজ গেছে… শেষ টি-টোয়েন্টিতেও শামীম যথেষ্ট ভালো খেলেছে। ওর অবশ্যই সামর্থ্য আছে ভালো ক্রিকেট খেলার। ওই আত্মবিশ্বাস থেকেই আমরা ওকে নিয়ে এগোচ্ছি।” 

গত কয়েক সিরিজ ধরে দলের তৃতীয় স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের মধ্যে ওলট-পালট করে খেলার যে ধারা চলছে, সেটির পথ ধরে এবার সুযোগ পেলেন নাসুম। তবে স্রেফ ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চিন্তার বাইরে, এশিয়া কাপের উইকেট বিবেচনায় নাসুমকে এগিয়ে রাখা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক। 

“তাইজুলের ব্যাপারটা আছে... ও অনেকটা আক্রমণাত্মক স্পিনার, আমাদের যা মনে হয়। নাসুম একটু রক্ষণাত্মক। টিম ম্যানেজমেন্টও আমাদের যে পরিকল্পনা দিয়েছে, তাতে নাসুমের দিকে গিয়েছি। শ্রীলঙ্কায় এশিয়া কাপে ফ্ল্যাট উইকেটে খেলা হতে পারে। লাহোরেও খেলা আছে আমাদের। সেখানে রক্ষণাত্মক বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। তাই নাসুমকে নেওয়া হয়েছে।”