ঢাকাকে হারিয়ে শীর্ষে সিলেট
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা তানজিম হাসান সাকিব।
ম্যাচের তৃতীয় দিনই জয়ের জন্য সিংহভাগ কাজ সেরে রেখেছিল সিলেট বিভাগ। শেষ দিন সারল বাকি থাকা আনুষ্ঠানিকতা। ঢাকা বিভাগকে ৪ উইকেটে হারিয়ে জাতীয় লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো সিলেট। একইসঙ্গে উঠে গেলো পয়েন্ট টেবিলের শীর্ষে।
বিকেএসপিতে ম্যাচের শেষ দিনের জয়ে জন্য ৭ উইকেট হাতে নিয়ে ১০৮ রান প্রয়োজন ছিল সিলেটের। বৃহস্পতিবার তিন উইকেট হারিয়ে তা করে ফেলেছে তারা। অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি।
জাতীয় লিগের গত আসরে ছয় ম্যাচে মাত্র একটি জিতে কোনোমতে অবনমন ঠেকিয়েছিল সিলেট। এবার প্রথম দুই রাউন্ডেই দুই জয় জমা পড়লো তাদের ঝুলিতে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকাকে হারিয়ে শিরোপা জেতার আশা জাগাল তারা।
প্রথম ইনিংসে দুই দলই থেমে গিয়েছিল দুইশর নিচে। ঢাকার ১২৮ রানের জবাবে সিলেট করেছিল ১৬৭ রান। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে শুভাগত হোমের দৃঢ়তায় ২৫৬ রানে পৌঁছায় ঢাকার সংগ্রহ। সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৮। সিলেট ৬ উইকেট হারিয়ে সেটি ছুঁয়ে ফেলল।
৩ উইকেট ১১০ রান নিয়ে দিন শুরু করে সিলেট। এদিন ফিফটিতে পৌঁছান ওপেনার ইমতিয়াজ হোসেন। তবে বেশি দূর যেতে পারেননি। সাজঘরে ফেরেন ৫১ রান করে। অধিনায়ক জাকির হাসানের ব্যাট থেকে আসে ৩৮ রান।
এ দুজনের পর শাহানুর রহমান (৭) অল্পেই ফিরে গেলে খানিক জমে ওঠে ম্যাচ। তবে তরুণ তানজিম হাসান সাকিবকে নিয়ে আর বিপদ ঘটতে দেননি জাকের আলি। দুজনের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে ম্যাচ জিতে যায় সিলেট। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৫ বলে ৫১ রান করেন জাকের আলি। তানজিমের ব্যাট থেকে আসে ১৮ রান।
শেষ দিকে ব্যাট হাতে অবদান রাখার আগে ঢাকার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তানজিম। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ১৯ বছর বয়সী এই পেসার।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ১২৮
সিলেট ১ম ইনিংস: ১৬৭
ঢাকা ২য় ইনিংস: ২৫৬
সিলেট ২য় ইনিংস: (লক্ষ্য ২১৮) ৬৫.৪ ওভারে ২১৮/৬ (ইমতিয়াজ ৫১, জাকির ৩৮, জাকের আলি ৫১*, শাহানুর ৭, তানজিম ১৮*; সুমন ৭-১-২২-২, নাজমুল অপু ২৪-৩-৭৬-০, শুভাগত ৯-১-৪০-১, সাইফ ১০-৩-১৭-১, এনামুল ৫-৩-১২-০)
ফল: সিলেট বিভাগ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তানজিম হাসান সাকিব
