২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল জয়ের রেশ কাটছে না লিটনের

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে রেকর্ড গড়া জয়ে উচ্ছ্বসিত লিটন দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 07:58 PM

Updated : 17 Jun 2023, 07:58 PM

আফগানিস্তানের  বিপক্ষে রেকর্ড গড়া জয়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন দাস লিখেছেন, “রেশই যেন কাটছে না।” নেতৃত্বের অভিষেকে অমন বিশাল জয়ের পর এটাই স্বাভাবিক। আফগানদের উড়িয়ে দেওয়ার পর তার কথাও সেটা স্পষ্ট, অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না তিনি। 

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে তিন সংস্করণেই অধিনায়কত্বের অভিজ্ঞতা হলো লিটনের। তবে তার অধিনায়কত্বের শুরুটা দুঃস্বপ্নের মতো। ২০২১ সালে নিউ জিল্যান্ড সফরের শেষ টি-টোয়েন্টিতে তার নেতৃত্বে ৯.৩ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ৭৬ রানে। তিনি নিজে আউট হন প্রথম বলে। 

গত ডিসেম্বরে তামিম ইকবালের চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব পান লিটন। ওই ম্যাচে ১৮৭ রানের সহজ লক্ষ্যেও জেঁকে বসে পরাজয়ের শঙ্কা। শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের ৫১ রানের অবিশ্বাস্য জুটিতে নাটকীয় জয় পায় বাংলাদেশ। 

সেই তুলনায় সাকিব আল হাসানের চোটে পাওয়া ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট অধিনায়কত্বের অভিষেকটা রীতিমতো রাজকীয় হলো লিটনের। তার নেতৃত্বে মিরপুর টেস্টে বাংলাদেশ যে পেয়েছে ৫৪৬ রানের জয়। রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় তো বটেই। পুরো টেস্ট ইতিহাসেই এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে স্রেফ দুটি। 

মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এত বড় কীর্তির উচ্ছ্বাস স্পষ্টই ফুটে ওঠে লিটনের কথায়।

“অবশ্যই (অনেক খুশি)! ব্যবধানটা তো এমন না যে, যখন চাইবেন, তখনই হবে! এর কৃতিত্ব ব্যাটসম্যানদের। কারণ উইকেটটা এত সহজ ছিল না। প্রতিটি ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতে হবে। আমাদের বোলাররাও খুবই ভালো বল করেছে। এটা টেস্ট ক্রিকেটে অনেক বড় অর্জন। এরকম জিততে পারলে, এর চেয়ে বড় কিছু চাওয়ার থাকতে পারে না। অধিনায়ক হিসেবে এর চেয়ে বড় ব্যবধানে জয় চাইতে পারেন না কখনও!” 

শেষ পর্যন্ত রেকর্ড গড়া জয় পেলেও ম্যাচ শুরুর আগে বারবার ঘুরে ফিরে এসেছে চার বছর আগে আফগানদের বিপক্ষে ২২৪ রানের বিব্রতকর পরাজয়ের কথা। সেটি ঝেরে ফেলে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আর এর বিশ্বাসটা তারা পেয়েছে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে।

মিরপুরে সচরাচর নিচু-মন্থর উইকেট তৈরি করা হলেও, এই ম্যাচের জন্য দেওয়া হয় সবুজ ঘাসের উইকেট। যা দেখে টস জিতে ফিল্ডিং নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। তখন লিটন জানান, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং করতেন।

প্রতিকূল এই কন্ডিশনে ব্যাটিংয়ে নেমে দারুণ সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। এর সঙ্গে মাহমুদুল হোসেন জয়ের ফিফটি, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের চল্লিশ ছাড়ানো ইনিংসে ৩৮২ রানের স্কোর পায় বাংলাদেশ। লিটনের মতে, ওই ব্যাটিংয়ের পরই দলের মধ্যে বড় কিছুর বিশ্বাস জন্মাতে শুরু করে। 

“যখন প্রথম ইনিংসে শান্ত ও জয়ের সৌজন্যে আমরা ভালো স্কোর করলাম, তখন থেকে বিশ্বাস করছিলাম যে, প্রথম ইনিংসের উপর অনেক কিছু নির্ভর করছে। পরে আমরা তাদেরকে দেড়শর আগে অলআউট করি। ব্যবধানটা তখনই বোঝা গেছে যে, আমরা কোন পথে যেতে পারি।” 

“তবে উইকেট কিন্তু কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটসম্যানরা যেভাবে নিজেদের মেলে ধরেছে... আমার মতে (এই বড় জয়ের) পুরো কৃতিত্ব আমাদের ব্যাটসম্যান, বোলার ও পুরো দলের।” 

উইকেটে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকলেও দুই ইনিংসে বাংলাদেশের রান তোলার হার ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে তারা ৩৮২ রান করে ওভারপ্রতি ৪.৪৪ গড়ে। পরের দফায় এটি বেড়ে হয় ৫.৩১! যা কি না এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান রেটের রেকর্ড। 

এর পেছনে আলাদা করে কোনো ভাবনা ছিল না বললেন লিটন। 

“ব্যাটারের কাছে যদি মনে হয় বলটা মারার, তাহলে মারাই ভালো। মারার মতো বল পেলে ছাড়বেন কেন? স্কোর বোর্ডে রান আসতে থাকলে প্রতিপক্ষও চাপে পড়ে যায়। টেস্টকে আগে বলা হতো, পাঁচ দিনের খেলা, এখন কিন্তু বেশিরভাগ ম্যাচেই ৫ দিন খেলা যাচ্ছে না। শেষ কয়েক বছর ধরেই এটা মানা হচ্ছে যে, কত দ্রুত রান করা যায়। পরে দলে বোলার ভালো হলে দ্রুতই ইনিংস ঘোষণা করে দেয়।”