সাহিবজাদা চাওয়া বিশ্বকাপে দুই-তিনটি ম্যান অব দা ম্যাচ পুরস্কার
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ-সেরা হয়ে এই লক্ষ্যের কথা জানালেন পাকিস্তানের ওপেনার।
বিশ্বকাপে অভিষেকে ভালোই খেলছিলেন সাহিবজাদা ফারহান। তবে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হয়ে যান। পরে ধুঁকতে ধুঁকতে নাটকীয়তার পর জিততে পারে দল। দ্বিতীয় ম্যাচে সেই ভুল করেননি তিনি। আরও বড় ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন এই ওপেনার। পরে ম্যাচ সেরা হয়ে পাকিস্তানের ব্যাটসম্যান বললেন, এই বিশ্বকাপে স্বীকৃতিটি আরও পেতে চান তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩১ বলে ৪৭ রান করে আউট হন সাহিবজাদা। পাকিস্তান তখন সহজ জয়ের পথেই ছিল। কিন্তু তিনি আউট হওয়ার পর পথ হারিয়ে পরাজয়ের দুয়ারে চলে গিয়েছিল দল। সেখান থেকে ফাহিম আশরাফের ক্যামিও দলকে রোমাঞ্চকর জয় এনে দেয়।
দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলেন সাহিবজাদা। ২০ ওভারে ১৯০ রান তুলে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৩২ রানে।
ম্যান অব দা ম্যাচ হয়ে ২৯ বছর বয়সী ওপেনার বললেন, আগের দিনই তিনি বলে রেখেছিলেন যে সেরার স্বীকৃতি পাবেন।
“কালকে যেভাবে অনুশীলন করেছি, বল দারুণভাবে আমার ব্যাটে আসছিল। আমাদের ব্যাটিং কোচকে গতকালকেই বলেছিলাম যে, এই ম্যাচের জন্য খুব ভালো অনুভূতি হচ্ছে ভেতরে। আত্মবিশ্বাসী ছিলাম এবং এমনকি এটাও বলেছিলাম যে, এমনভাবে ম্যাচটি শেষ করব যেন ম্যান অব দা ম্যাচ হতে পারি।”
“ব্যক্তিগত একটি লক্ষ্য আমি ঠিক করেছি যে, এই বিশ্বকাপে অন্তত দুটি বা তিনটি ম্যান অব ম্যাচ পুরস্কার যেন নিতে পারি।”
কলম্বোয় এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ৫ ওভারে ৫৪ রানের উদ্বোধনী জুটি এনে দেন সাহিবজাদা ও সাইম আইয়ুব। দুই ছক্কায় ১৯ রান করে সাইম আউট হয়ে গেলেও তার সঙ্গী এগিয়ে নেন দলকে।
সাহিবজাদা বললেন, সহজাত এই ব্যাটিংই ধরে রাখতে চান তিনি।
“উইকেট আজকে খুব ভালো ছিল (ব্যাটিংয়ের জন্য)। ব্যাট চমৎকারভাবে ব্যাটে আসছিল। ওপেনার হিসেবে আমার ও সাইম আইয়ুবের কাজ ছিল পাওয়ার প্লে কাজে লাগানো।”
“আমি সহজাতভাবেই আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলে থাকি। সাইম আজকে ভালো শুরু করেছে, দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। আমার ভাবনা ছিল, এভাবেই খেলে যেতে হবে। কারণ, টি-টোয়েন্টিতে একজন ওপেনারের এভাবেই খেলা উচিত। এই ভূমিকাই আমাকে দিয়েছেন অধিনায়ক।”
