‘ভয়ানক’ নাইটক্লাব বিতর্ক পেছনে ফেলে সামনে এগোতে চান ব্রুক
নিউ জিল্যান্ড সফরের ওই ঘটনার বিরূপ প্রভাব ক্যারিয়ারে পড়তে দিতে চান না ইংলিশ অধিনায়ক।
নিউ জিল্যান্ড সফরের বিতর্কিত নাইটক্লাব কাণ্ড এখনও তাড়া করে বেড়াচ্ছে হ্যারি ব্রুককে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেও ওই ঘটনা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। ক্যারিয়ারের ‘ভয়ানক’ ওই অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চান ইংলিশ অধিনায়ক।
ঘটনাটা গত ৩১ অক্টোবরের, কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে। নাইটক্লাবে প্রবেশের সময় বাধা পান ব্রুক। অতিরিক্ত মদ্যপ অবস্থায় দেখে তাকে নাইটক্লাবে ঢুকতে দিচ্ছিলেন না নিরাপত্তারক্ষীরা। পরে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে ঘুসি মারেন নাইটক্লাবের বাউন্সার।
দুই মাস পর অ্যাশেজ সিরিজের একেবারে শেষ দিকে দা টেলিগ্রাফে খবর প্রকাশিত হওয়ার পরই ঘটনাটি জানাজানি হয়। ঘুসি খাওয়ার ঘটনা ব্রুক অবশ্য তখনই নিজে দলের সংশ্লিষ্টদের জানান।
ওই কাণ্ডের জন্য তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়, ইসিবির বিধি অনুযায়ী যা সর্বোচ্চ জরিমানা। এছাড়াও তার নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়াও চলছিল। শেষ পর্যন্ত অবশ্য রেহাই পান তিনি। শেষবারের মতো সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভারত ও শ্রীলঙ্কায় শনিবার শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রুকের নেতৃত্বেই খেলবে ইংল্যান্ড। ওয়াংখেড়েতে রোববার নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
ম্যাচের আগের দিন নিউ জিল্যান্ডের সফরের ওই ঘটনা নিয়ে বিবিসিতে কথা বলতে হয় ব্রুকের। বিতর্কিত ওই ঘটনা তার ক্যারিয়ারে যেন ছায়া না ফেলে, সেদিকে মনোযোগ দিচ্ছেন তিনি।
“সত্যি বলতে, এটা বেশ ভয়াবহ অভিজ্ঞতা ছিল, তবে তা জীবনের একটি অংশ। যেহেতু আমি ব্যাট দিয়ে বল মারি, আর সেটাই ক্যারিয়ারের বাকি সময়টায় করে যেতে চাই।”
“ঘটনাটা না ঘটুক, এমন কিছু আমি চাইতাম। কিন্তু এখন তো সেটা ঘটেই গেছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আশা করি, সময়ের সঙ্গে বিষয়টা চাপা পড়ে যাবে এবং অন্য দিকে আরও ভালো দিন আসবে।”
ওই ঘটনার পর নেতৃত্ব নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করেছেন ব্রুক। তার মতে, অধিনায়ক হলে মাঠের ভেতর ও বাইর-দুই জায়গায়ই দলকে পথ দেখাতে হয়।
“আমি নিশ্চিতভাবেই এটা শিখেছি যে, অধিনায়ক হলে কাঁধে অনেক বেশি দায়িত্ব এসে পড়ে। নেতৃত্বের দায়িত্বকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”
“মাঠের বাইরে ও ভেতরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। যেকোনো কিছু আপনার বিপক্ষে যেতে পারে। তাই সবসময় সতর্ক থাকতে হবে।”
ইংল্যান্ডের গ্রুপে নেপাল ছাড়াও আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
