Published : 12 Feb 2026, 12:11 AM
পাওয়ার প্লের শেষ বলে ক্রিজে গিয়ে খেললেন শেষ পর্যন্ত। ক্যারিয়ার সেরা ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। পরে বাকিটা সারলেন বোলাররা। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে শেরফেন রাদারফোর্ড জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার ৩০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৬ রান করা দলটি ইংল্যান্ডকে থামিয়েছে ১৬৬ রানে। টানা দুই জয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে ‘সি’ গ্রুপের চূড়ায়।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ১ রান করতে পারেন ব্র্যান্ডন কিং, শূন্য রানে ফেরেন অধিনায়ক শাই হোপ। শিমরন হেটমায়ারের পাল্টা আক্রমণে সরে যায় চাপ। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে বাঁহাতি ব্যাটসম্যান বিদায় নিলে ক্রিজে যান রাদারফোর্ড।
দ্রুত রান তোলায় মনোযোগ দেন রাদারফোর্ড। তার ছক্কা বৃষ্টিতে বাড়ে রান। ২৯ বলে পঞ্চাশ ছুঁয়ে একইভাবে এগিয়ে যান তিনি।
শেষ পর্যন্ত ৪২ বলে সাত ছক্কা ও দুই চারে রাদারফোর্ড খেলেন ৭৬ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে তার আগের সেরা ছিল অপরাজিত ৬৮। ২০২৪ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসে টি-টোয়েন্টি ও বিশ্বকাপে প্রথমবার তিনি জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার।