২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতি সাবধানী’ থেকে আক্রমণাত্মক ক্রিকেটের ডাক ব্রুকের

শ্রীলঙ্কাকে চাপে রাখতে সতীর্থদের বার্তা দিলেন ইংল্যান্ড অধিনায়ক।

‘অতি সাবধানী’ থেকে আক্রমণাত্মক ক্রিকেটের ডাক ব্রুকের
হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 08:13 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

বিশ্বকাপের গ্রুপ পর্বে চেনা রূপে দেখা যায়নি ইংল্যান্ডকে। অধিনায়ক হ্যারি ব্রুক বললেন, আসরের শুরুতে তাদের ব্যাটসম্যানরা ‘অতি সাবধানী’ ছিলেন। সুপার এইটে সতীর্থদের আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিলেন তিনি।  

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে রোববার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

এই মাঠে গ্রুপ পর্বে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা। অবশ্য এখানে সাম্প্রতিক সময়ে সুখস্মৃতি আছে ইংল্যান্ডেরও। বিশ্বকাপের ঠিক আগে এই মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল ব্রুকের দল। সেই অভিজ্ঞতা এবার বিশ্বকাপের ম্যাচে কাজে লাগাতে চান ইংল্যান্ড অধিনায়ক। 

“এখানে খেলে এবং এই মাঠের অভিজ্ঞতা অর্জনের পর আমরা অনেক আত্মবিশ্বাসী। এখানে ওদের বিপক্ষে আমাদের খুব ভালো সিরিজ কেটেছিল। তাই আমরা আশা করি, ওই অভিজ্ঞতা আগামীকালের (রোববার) ম্যাচে কাজে লাগাতে পারব।”

ওই সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর থেকে অবশ্য উন্নতি করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি জিতে সুপার এইটে উঠেছে তারা। ব্রুক তাই সতর্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় সেঞ্চুরি করা ওপেনার পাথুম নিসাঙ্কাকে আগেভাগে ফেরাতে চান তিনি।

“ওদের কিছু ব্যাটসম্যান সত্যিই ভালো ব্যাটিং করছে। তাই আশা করি, পাওয়ার প্লেতে আমরা কয়েকটি উইকেট নিতে পারব। আর নিসাঙ্কা এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছে, তাকে দ্রুত আউট করতে পারলেই ভালো।”

শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজের পর থেকে অনেকটা নড়বড়ে হয়ে গেছে ইংল্যান্ড। বিশ্বকাপে নেপালের বিপক্ষে পরাজয়ের শঙ্কা জাগিয়ে কোনোমতে জিততে পারে তারা। পরের ম্যাচে তারা হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। পরে স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জিতলেও খুব একটা দাপট তারা দেখাতে পারেনি। 

পাল্লেকেলেতে রোববার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্রুকের চাওয়া, ওভার কমিয়ে খেলা হলেও ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক।

“আমি চাই ২০ ওভারে আমরা যতটা সম্ভব দ্রুতগতিতে যেন রান করি। মাঠে নেমে ব্যাটিংয়ে প্রতিপক্ষের ওপর সত্যিকার অর্থে চাপ তৈরি করতে চাই।”