‘ক্রিকেট মাঠে ভারতকে দেখলেই ভয় পেয়ে যায় পাকিস্তান’
মাইকেল ভন বলছেন, “সব দিক থেকেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত”, দানিশ কানেরিয়ার মতে, “ম্যাচ বয়কট করলেই কম বিব্রতকর হতে পারত”
ক্রিকেটীয় লড়াইয়ের অনেকটা জুড়ে আছে মানসিকতার পরীক্ষা। সেখানেই ভারতীয় দলকে দেখে পাকিস্তান বারবার ভড়কে যায় বলে মনে করেন ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। পাকিস্তানেরই সাবেক লেগ স্পিনার দানেশ কানেরিয়ার মতে, এভাবে হারার চেয়ে ম্যাচটি বর্জন করলেই বরং ভালো হতো!
ভারত-পাকিস্তান লড়াইয়ের পর অনুমিতভাবেই প্রতিক্রিয়ার জোয়ার বয়ে যাচ্ছে ক্রিকেটবিশ্বজুড়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ে রোববার কলম্বোতে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেছে ভারত।
ম্যাচের পর সামাজিক মাধ্যমে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের প্রতিক্রিয়ায় মিশে থাকল এই দলের বিশাল পার্থক্য ও লড়াই একটুও না জমার ব্যাপারটিই। ধারাভাষ্যকার হার্শা ভোগলে যেমন বললেন, “একতরফা। দুই দলের মানের পার্থক্য আজকে রাতে উজ্জ্বল।”
হার্শা এখানে দায় দেখছেন পাকিস্তানের ক্রিকেট প্রশাসকদেরও। ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন নিয়ে কম নাটক হয়নি এবারের বিশ্বকাপে। ম্যাচের আগের রাতে টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। হার্শা মতে, এসব করেই দলকে উল্টো চাপে ফেলে দেওয়া হয়।
“আগেও বলেছি এই কথা, পুনরাবৃত্তিও করা যায় আজকে। পাকিস্তানের ক্রিকেট প্রশাসকরা তাদের ক্রিকেটারদের ওপর অনেক বেশি চাপ চাপিয়ে দেয়। দেখতেই পাচ্ছিলেন, আজকে তারা কতটা নড়বড়ে ছিল।”
এই ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৯ ম্যাচের ৮টিই জিতে নিল ভারত। ২০২১ বিশ্বকাপের ম্যাচটিই কেবল জিতেছিল পাকিস্তান। সেই জয়কেই এখন স্রেফ একটি দুর্ঘটনা মনে হচ্ছে সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মাদ কাইফের।
“এখন আমার বিশ্বাস, ভারতের বিপক্ষে পাকিস্তানের ৮-১ স্কোরলাইনে যে ‘১’ আছে, সেটিও ছিল আসলে একটি অঘটন। সত্যি বলছি।”
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও এই ম্যাচের ধারাভাষ্যে থাকা রামিজ রাজা আঙুল তুললেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপের দিকে। ব্যাটিংয়ে কোনো অগ্রগতিই চোখে পড়েনি তার।
“বেশ একটা বিপর্যয়ই বলতে হবে এটিকে, বিশেষ করে ব্যাটিং। গত ২-৩ বছর ধরেই পাকিস্তানের বিপক্ষে একই বোলিং আক্রমণ খেলাচ্ছে ভারত এবং প্রতিবারই ব্যাটসম্যানরা ছিল দুঃখজনকরকমের সাদামাটা… কোনো উন্নতি নেই।”
আরেক ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মতে, ভারতের বিপক্ষে মানসিকভাবেই অনেকটা পিছিয়ে থাকে পাকিস্তান।
“মনে হচ্ছে, ক্রিকেট মাঠে ভারতকে দেখলেই ভয় পেয়ে যায় পাকিস্তান। ম্যাচের প্রতিটি ক্ষেত্রে তারা (ভারত) এত বেশি শ্রেয়তর এবং বড় উপলক্ষের সঙ্গে মানিয়ে নিতে তারা তাদের মানসিকতা এত বেশি ভালো…।”
আক্ষেপ আর মজার সুরে পাকিস্তানের সফলতম টেস্ট স্পিনার দানিশ কানেরিয়া, ম্যাচ বর্জনের সিদ্ধান্তে পাকিস্তান অটল থাকলে মাঠে এমন পরাজয়ের স্বাদ পেতে হতো না।
“সত্যি বলতে, ম্যাচ বয়কট করলেই কম বিব্রতকর হতে পারত।”
