২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ইনিংসে দুই প্রথমের স্বাদ কৃষ্ণামূর্তির

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ড পুঁজি গড়ার ভিত গড়ে দেন যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার।

এক ইনিংসে দুই প্রথমের স্বাদ কৃষ্ণামূর্তির
যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান সাঞ্জায় কৃষ্ণামূর্তি। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 09:27 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

একাদশ ওভারে ক্রিজে গিয়ে শেষ পর্যন্ত খেললেন সাঞ্জায় কৃষ্ণামূর্তি। আগ্রাসী ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিলেন তিনি। পেলেন ম্যাচ সেরার পুরস্কারও। 

চেন্নাইয়ে রোববার নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। দলের এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখা কৃষ্ণামূর্তি চারে নেমে করেন ৬৮ রান। তার ৩৩ বলের ইনিংসটি গড়া ছয়টি ছক্কা ও চারটি চারে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ফিফটির স্বাদ পেলেন কৃষ্ণামূর্তি। ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন প্রথমবার।

তৃতীয় বলে গেরহার্ড ইরাসমাসকে ছক্কায় উড়িয়ে ডানা মেলে দেন ২২ বছর বয়সী কৃষ্ণামূর্তি। পরে বের্নার্ড শুলজকে মারেন টানা দুটি ছক্কা।

সপ্তদশ ওভারে রুবেন ট্রাম্পেলমানের ওপর ঝড় বইয়ে দেন কৃষ্ণামূর্তি। ওভারের তৃতীয় বলে চারের পর টানা তিনটি ছক্কা মারেন তিনি। শেষ ছক্কায় ২৩ বলে স্পর্শ করে ফিফটি। পরে ইনিংসের শেষ দুই ওভারে দুটি করে চার হাঁকান ডানহাতি ব্যাটসম্যান।

কৃষ্ণামুর্তির ইনিংসের সৌজন্যেই শেষ ১০ ওভারে ১১১ রান তোলে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ১৯৯ রান করে দলটি। বিশ্বকাপে যা তাদের সর্বোচ্চ, আর নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড পুঁজি।