২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলরাউন্ড নৈপুণ্যে লিস্কের কীর্তি

ইতালির বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন স্কটিশ ক্রিকেটার।

অলরাউন্ড নৈপুণ্যে লিস্কের কীর্তি
মাইকেল লিস্ক। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ইতালির বিপক্ষে ব্যাটে-বলে দ্যুতি ছড়ানো মাইকেল লিস্ক গড়েছেন দারুণ এক রেকর্ড। স্কটল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিকবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি।

কলকাতায় সোমবার প্রথমবার ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলতে নামা ইতালিকে ৭৩ রানে হারায় স্কটল্যান্ড। ২০৭ রানের বিশাল পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় ১৩৪ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথমবার দুইশ রান করার পথে বড় ভূমিকা রাখেন লিস্ক। ইনিংসের শেষ পাঁচ বল খেলার সুযোগ পেয়ে দুটি করে ছক্কা-চারে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি।

পরে অফ স্পিনে স্রেফ ১৭ রান দিয়ে ৪ শিকার ধরেন লিস্ক। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা তার সেরা বোলিং। আগের সেরা ছিল ১১ রানে ৩ উইকেট।

এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন লিস্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এনিয়ে দ্বিতীয়বার ‘ম্যান অব দা ম্যাচ’ হলেন তিনি। দুইবারই এই স্বীকৃতি পেলেন বিশ্বকাপে।

টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে স্কটল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে একবার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রিচি বেরিংটন, জশ ডেভি, ক্রিস গ্রেভস, ম্যাট মাচান, ব্র্যান্ডন ম্যাকমুলেন ও জর্জ মানজি।

ম্যাচ সেরার পুরস্কার জিতে ৩৫ বছর বয়সী লিস্ক বললেন, দলের জয়ে বেশি খুশি তিনি।

“স্রেফ পুরো দলের পারফরম্যান্সে (আমি খুশি)। অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রস্তুতির সময় খুব বেশি ছিল না। এত অল্প নোটিশে প্রস্তুত হতে পারাটা আমাদের নিবেদনের প্রমাণ।”

বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে। আগামী শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।