২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ-সেরায় কোহলিকে ছাড়িয়ে সুরিয়াকুমার

বিশ্বকাপ অভিযানের শুরুতে চাপের মুখে দারুণ ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

ম্যাচ-সেরায় কোহলিকে ছাড়িয়ে সুরিয়াকুমার
ভিরাট কোহলিকে (বাঁয়ে) ছাড়িয়ে গেলেন সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 12:54 AM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ইশান কিষানের বিদায়ের পর, সুরিয়াকুমার ইয়দাভ ব্যাটিংয়ে নেমে দ্রুতই আউট হতে দেখলেন আরও দুই ব্যাটসম্যানকে। একপর্যায়ে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ভারত পড়ে গেল ভীষণ চাপে। তবে অধিনায়ক আগলে রাখলেন এক প্রান্ত। দারুণ ইনিংস খেলে তিনি খাদের কিনারা থেকে টেনে তুললেন দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বের অভিষেকে দলকে জিতিয়ে ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান ম্যাচ-সেরা হলেন আরেকবার।

বিশ্বকাপের উদ্বোধনী দিন যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার সুরিয়াকুমারের ১০ চার ও চার ছক্কায় ৪৯ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসে ১৬১ রানের পুঁজি গড়ে বিশ্বকাপের সহ-আয়োজকরা। জবাবে ১৩২ পর্যন্ত যেতে পারে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে ১৭ বার ‘ম্যান অব দা ম্যাচ’ হয়ে ভারতের রেকর্ডটি একার করে নিলেন সুরিয়াকুমার, তিনি ছাড়িয়ে গেলেন ১২৫ ম্যাচে ১৬ বার ম্যাচ-সেরা হওয়া ভিরাট কোহলিকে।

বিশ্ব রেকর্ডের তালিকায় সুরিয়াকুমারের ওপরে আছেন কেবল দুজন; ১২৭ ম্যাচে ১৯ বার সেরা হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ১১১ ম্যাচে ২২ বার মালয়েশিয়ার ভিরানদিপ সিং। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৯ ম্যাচে সুরিয়াকুমার সেরার পুরস্কার জিতলেন চারবার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখানে তার ওপরে আছেন কোহলি, ৩৫ ম্যাচে আটবার।   

সুরিয়াকুমারের ইনিংসটি থেমে যেতে পারত ১৭ বলে ১৫ রানে, যদি ফিরতি ক্যাচ নিতে পারতেন বোলার শুভাম রাঞ্জানে।

জীবন পেয়ে এগিয়ে যান তিনি। ইনিংসের ১৮ ওভার পর্যন্তও খুব বেশি আগ্রাসী অবশ্য তিনি ছিলেন না। তার রান ছিল তখন ৩৮ বলে ৫২, ভারতের ১২৮।

শেষ দুই ওভারে তাণ্ডব চালান সুরিয়াকুমার। এই ১২ বলের ১১টিই খেলে তিনি করেন ৩২ রান। এর মধ্যে ২১ রান করেন শেষ ওভারে। 

ব্যাটিংয়ে নামা ভারতের বাকি ৯ ব্যাটসম্যান মিলে যেখানে করতে পারেন ৭১ বলে ৭৪ রান, সেখানে সুরিয়াকুমার একাই করেন ৪৯ বলে ৮৪।

তার এই ইনিংস টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বের অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৯ আসরে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানের ইনিংস খেলে তার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সুরিয়াকুমারের চেয়ে বড় ইনিংস আছে চারটি। ভারতীয় অধিয়ানক হিসেবে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস রোহিত শার্মার, ২০২৪ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রতিযোগিতাটির ইতিহাসে এখনও কোনো অধিনায়ক সেঞ্চুরি করতে পারেননি। ২০১০ আসরে ব্রিজটাউনে ভারতের বিপক্ষে গেইলের ৬৬ বলে ৯৮ রান এখানে সর্বোচ্চ।