৩০ বছর পর বাংলাদেশের এমন বিশ্বকাপ
১৯৯৬ সালের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে প্রথমবার বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে কোনো বিশ্বকাপ।
বাংলাদেশের একাদশ কেমন হবে? টস জিতলে কোনটি নেওয়া উচিত? উইকেটের আচরণ হতে পারে কেমন? এসব নিয়ে এখন থাকার কথা মূল আলোচনা। সব ঠিকঠাক থাকলে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতো বাংলাদেশ। কিন্তু কিছুই ঠিক থাকেনি। বাংলাদেশ তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবলই দর্শক।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে কোনো বিশ্বকাপে বাংলাদেশ সবশেষ ছিল না ১৯৯৬ সালে। সেই বিশ্বকাপও হয়েছিল উপমহাদেশেই। বিশ্ব আসর তখনও বাংলাদেশের জন্য রূপকথার মঞ্চ, যেখানে পা রাখা কেবল স্বপ্নেই সম্ভব। নিজেদের দলকে বিশ্বকাপে না দেখে হাহাকার জাগত। ৩০ বছর পর এবার সেই অনুভূতি ফিরে আসার পালা।
এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে গেছে আগেই। সেটির কারণ ও প্রেক্ষাপট নতুন করে উল্লেখ করার কিছু নেই। তবু বিশ্বকাপ শুরুর দিনে এটুকু বিষাদ-চর্চা তো হতেই পারে!
ভারত ও শ্রীলঙ্কায় শনিবার শুরু হচ্ছে বাংলাদেশবিহীন সেই বিশ্বকাপ। ২০ ওভারের ক্রিকেটের দশম বিশ্ব আসর এটি। উদ্বোধনী দিনেই থাকছে তিনটি ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় সকালে সাড়ে ১১টায় মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচটিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। যেখানে এখন ক্যারিবিয়ানদের সঙ্গে লড়বে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু এই লড়াই।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাইয়ে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
গত আসরের শিরোপাজয়ী ভারত এবারের টুর্নামেন্টও শুরু করছে পরিষ্কার ফেভারিট হিসেবে। গত কয়েক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের রেকর্ড অবিশ্বাস্য বললেও কম বলা হয়। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে পারফরম্যান্সের দোলাচল সবচেয়ে বেশি জড়িয়ে টি-টোয়েন্টিতে। সেই সংস্করণেই এই দলটি বিস্ময়কর রকমের ধারাবাহিক।
সেই ২০২৩ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের সিরিজ হেরেছিল ভারত। এরপর সিরিজ-টুর্নামেন্ট মিলিয়ে টানা ১৫ আসরে ব্যর্থতার স্বাদ তারা পায়নি। এর মধ্যে ১১টি দ্বিপাক্ষিক সিরিজে তারা জিতেছে, একটি ড্র করেছে। সোনা জিতেছে ২০২৩ এশিয়ান গেমসে, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ২০২৪ বিশ্বকাপ ও ২০২৫ এশিয়া কাপে। গত বিশ্বকাপের পর থেকে তো আগ্রাসী ব্যাটিংয়ে চার-ছক্কার সুনামিতে টি-টোয়েন্টি ক্রিকেটকেই নতুন উচ্চতায় নিয়ে গেছে সুরিয়াকুমার ইয়াদাভের দল।
গত বিশ্বকাপের ফাইনালে ট্রফি জয়ের খুব কাছে গিয়েও হৃদয়ভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবারও তাদেরকে রাখতে হবে ফেভারিটদের কাতারে। ব্যাটে-বলে তারাও এই সংস্করণে বৈশ্বিক আসরের দাবি মেটানোর মতো সমৃদ্ধ।
গত বিশ্বকাপে ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে বেশ ধারাবাহিক ছিল অস্ট্রেলিয়া। টানা ছয়টি সিরিজে হারা ছিল অপরাজিত। এর মধ্যে একটি ড্র ছাড়া বাকি পাঁচটিই জিতেছিল। কিন্তু বিশ্বকাপের আগে সবশেষ দুই সিরিজে তারা গেরে গেছে ভারত ও পাকিস্তানের কাছে। বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে তারা প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে চোটের কারণে হারিয়ে। আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার টিম ডেভিড ও ন্যাথান এলিস ফিরছেন চোট কাটিয়ে। সব মিলিয়ে নড়বড়ে অবস্থায় বিশ্বকাপ শুরু করছে তারা। তবে দলটা তো অস্ট্রেলিয়া, কোনো বিশ্বকাপে কখনোই তাদেরকে বিবেচনার বাইরে রাখা যাবে না।
ইংল্যান্ডের দলটি একটু পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে। তবে যে কোনো সময় জ্বলে ওঠার সব রসদই তাদের আছে। ট্রফির দাবিদার তারাও।
বিশ্বকাপ শুরুর আগের বিতর্ক আর ঘটনাপ্রবাহে বাংলাদেশের পর বেশি আলোচনায় এখন পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার, যা নিয়ে চলছে তোলপাড়। তাদেরকে রাজি করাতে নানারকম চেষ্টা চলছে বলেও খবর এসেছে। সেমি-ফাইনাল বা ফাইনালে ভারতের সঙ্গে দেখা হয়ে গেলে ম্যাচ বর্জন করবে কি না, সেই ঘোষণা অবশ্য দেয়নি তারা। তবে আরও বিতর্ক বা নাটকের শঙ্কা কিংবা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মোটেও।
তাদের ক্রিকেটের সঙ্গেও অবশ্য সবসময়ই জুড়ে আছে নাটকীয়তা। ক্রিকেটীয় অনিশ্চয়তার সবচেয়ে বড় বিজ্ঞাপন তো তারাই। এবারও ফেভারিটদের কাতারে তাদের হয়তো রাখা যাবে না। তবে চমকপ্রদ কিছু করলে সেটিও বিস্ময়কর হবে না খুব। একই কথা বলা যায় ওয়েস্ট ইন্ডিজকে নিয়েও। তাদের দুই শিরোপার একটি শ্রীলঙ্কায়, আরেকটি ভারতে।
শ্রীলঙ্কাকে নিয়ে বলা যায় উল্টো কথা। তারা বড় কিছু করে ফেললে সেটিই হবে অবাক করার মতো।
ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, গত ১৫ বছরে বৈশ্বিক আসরগুলোয় নিউ জিল্যান্ড দারুণ ধারাবাহিক। পেশাদার ও উজ্জীবিত পারফরম্যান্সে দারুণ কিছু করার সামর্থ্য আছে তাদেরও।
এবারের আসরে বাড়তি কৌতূহল থাকবে ইতালিকে ঘিরেও। নাহ, চমকপ্রদ পারফরম্যান্স তাদের কাছ থেকে খুব প্রত্যাশিত নয়। তবে ফুটবলের দেশ প্রথমবার খেলছে ক্রিকেটের বিশ্ব আসরে, নজর তো রাখতেই হবে!
টি-টোয়েন্টি ক্রিকেট যেভাবে নিত্য বিকশিত হচ্ছে এবং কল্পনার ছবিগুলো প্রায়ই ফুটে উঠছে বাস্তব হয়ে, এই বিশ্বকাপেও থাকবে তেমন কিছু দেখার ওৎসুক্য।
সব মিলিয়ে দুই দেশের আট ভেন্যুতে চার-ছক্কার ফুলঝুরি ছুটবে, দুর্দান্ত সব ডেলিভারি দেখা যাবে, দারুণ সব ক্যাচ দেখে চোয়াল ঝুলে যাবে, পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের অনেকের মনে বেদনার চোরা স্রোতও হয়তো বইবে!
