২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনীতির কারণে’ খেলাতেই হবে বাবরকে, কোচ কাজে লাগাচ্ছেন ‘ইন্স্যুরেন্স পলিসি’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের মতে, রাজনীতির কারণেই বাদ দেওয়া যাবে না বাবর আজমকে, কোচ মাইক হেসন তাই রাজনীতিই করছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 12:19 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

২৪ বল খেলে স্রেফ ২৫ রান। দলের পরাজয়। চলমান বিতর্কের আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করলেন যেন বাবর আজম। বলার অপেক্ষা রাখে না, আগুন এখন জ্বলবে আরও দাউ দাউ করে। সেখানে বাড়তি রসদ জোগালেন মাইকেল ভন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, পাকিস্তান ক্রিকেটের রাজনীতির কারণেই বাবরকে বাদ দেওয়া সম্ভব নয়। তার মতে, এজন্যই এই ব্যাটসম্যানকে ইন্স্যুরেন্স পলিসির মতো করে কাজে লাগাচ্ছেন কোচ মাইক হেসন। 

মাইকেল ভনের এই আলোচনা অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির আগের। তবে প্রসঙ্গটি বরাবরই তরতাজা। টি-টোয়েন্টিতে বাবরের কার্যকারিতা নিয়ে কাটাছেঁড়ার উপলক্ষ করে দিচ্ছে তার ব্যাটিংই। এই ম্যাচের আগে সেই আলোচনা ছিল। ম্যাচে তার পারফরম্যান্স আরও উসকে দিয়েছে তা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাল্লেকেলেতে বুধবার আরেকটি মন্থর ইনিংস উপহার দেন বাবর। এবারের বিশ্বকাপে চার ইনিংস খেলে তার রান এখন ৯১, স্ট্রাইক রেট ১১২.৩৪।

রান সংগ্রহের তালিকায় আছেন তিনি ৫৮ নম্বরে। এই আসরে অন্তত ৭৫ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে কম।

তাকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন আছে খোদ পাকিস্তানের ক্রিকেটেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরুর আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে আলোচনায় মাইকেল ভন বলেন, বাবরকে খেলানো ছাড়া উপায় নেই কোচের। 

“পাকিস্তানে গিয়ে যে বিদেশি কোচরা কোচিং করায়, তাদের প্রশংসাই করি আমি। সেখানকার ক্রিকেটে কী চলে, কেবল ধারণা করতে পারি। বাবরের ব্যাপারটি মাইক হেসন দারুণভাবে সামলাচ্ছেন বলেই মনে করি, কারণ বাবরকে তার খেলাতেই হবে। এজন্য কোচ তাকে ইন্সুরেন্স পলিসি হিসেবে খেলাচ্ছে। দুটি উইকেট পড়ার পর বাবর হলো সেই পলিসি। চার নম্বরে নেমে নিজের মতো খেলতে পারে।”

“শ্রীলঙ্কার উইকেটের জন্য সে ঠিক আছে, কারণ সেখানে রান হয় ১৫০ থেকে ১৮০। বাবরের রেঞ্জ এটাই। পাকিস্তানকে ১৬০-১৭০ রান এনে দিতে পারে সে। কিন্তু ২০০ বা ২১০ রানের দিনে বাবর পারবে না। সে আর ওই অবস্থায় নেই।”

ভনের মতে, মূলত রাজনীতির কারণেই বাবরকে খেলাতে বাধ্য হচ্ছেন হেসন। তবে শ্রীলঙ্কায় যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, সেখানে এই ব্যাটসম্যানের ভূমিকা রাখার ভালো সুযোগও দেখছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। 

“রাজনীতির কারণে বাবরকে খেলাতেই হবে এবং মাইক হেসন সম্ভবত সেই রাজনীতি ভালোভাবেই খেলেছেন। এতে হয়তো বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ নিজেদেরকে দেওয়া হচ্ছে না, তবে পাল্লেকেলের মতো পিচে আমার দলে হয়তো বাবর আজমের মতো একজনকে চাইব আমি। এখানে সে ১২৫-১৩০ স্ট্রাইক রেটে রান করলে পুরোপুরিই ঠিক আছে। অন্য দু-একজনের ক্যামিও ইনিংসের প্রয়োজন হবে শুধু। কিন্তু মিডল অর্ডারে এরকম ধারাবাহিক একজন ব্যাটসম্যানের প্রয়োজন আছে।”

ভন যেমন বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটির প্রেক্ষাপট ছিল তেমনই। উইকেটে বল একটু গ্রিপ করেছে। পাকিস্তান রান তুলেছে ১৬৪। তবে ভনের প্রত্যাশামতো ১২৫-১৩০ স্ট্রাইক রেটেও খেলতে পারেননি বাবর। রান করেছেন ১০৪.১৬ স্ট্রাইক রেটে। 

ম্যাচটি হেরে বিদায়ের দুয়ারে চলে গেছে পাকিস্তান, জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।