রেকর্ড পুঁজি গড়ে নামিবিয়াকে হারিয়ে টিকে রইল যুক্তরাষ্ট্র
টানা দুই জয়ে সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখা যুক্তরাষ্ট্রের ভাগ্য নির্ভর করছে অন্য ম্যাচগুলোর ওপর।
ব্যাট হাতে সামনে থেকে দলকে পথ দেখালেন মোনাঙ্ক প্যাটেল। চমৎকার এক ফিফটিতে গড়ে দিলেন বড় সংগ্রহের ভিত। সাঞ্জায় কৃষ্ণামুর্তির ঝড়ো ইনিংসে প্রায় দুইশ রানের পুঁজি গড়ল যুক্তরাষ্ট্র। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা।
চেন্নাইয়ে রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৩১ রানে জিতেছে যুক্তরাষ্ট্র। আগের ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৯৩ রানে হারিয়েছিল তারা।
টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে তারা। দুটি করে ম্যাচ খেলা ভারত ও পাকিস্তানের পয়েন্টও চার করে। তিন ম্যাচের সবগুলো হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে নামিবিয়ার।
অধিনায়ক মায়াঙ্ক ও কৃষ্ণামুর্তির পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৪ উইকেটে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। আর নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
ওপেনিংয়ে নেমে তিনটি করে ছক্কা-চারে ৩০ বলে ৫২ রান করেন মোনাঙ্ক। চারে নামা কৃষ্ণামুর্তি ছয়টি ছক্কা ও চারটি চার মারেন ৩৩ বলে অপরাজিত ৬৮ রান করতে। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।
রান তাড়ায় লরেন স্টিনক্যাম্পের ফিফটিতে ভালো শুরু পায় নামিবিয়া। তিনটি ছক্কা ও পাঁচটি চারে ৫৮ রান করেন এই ওপেনার। কিন্তু এরপর আর বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তাতে ১৬৮ রানে থেমে যায় নামিবিয়া।
টস জিতে ব্যাটিং নেমে যুক্তরাষ্ট্রকে ভালো শুরু এনে দেন মোনাঙ্ক ও শায়ান জাহাঙ্গীর। তাদের ব্যাটে পাওয়ার প্লেতে ৬৫ রান তোলে দল। সপ্তম ওভারে শায়ানের বিদায়ে ভাঙে ৬৮ রানের উদ্বোধনী জুটি।
প্রথম ছয় ওভারের মধ্যেই তিন ছক্কা ও দুই চারে ৪১ রান করে ফেলা মোনাঙ্ক ফিফটি স্পর্শ করেন ২৭ বলে। এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। পরপর দুই ওভারে তাকে ও সাইতেজা মুক্কামাল্লাকে হারায় যুক্তরাষ্ট্র।
মুখোমুখি প্রথম ১১ বলে ১৩ রান করা কৃষ্ণামুর্তি টানা দুই ছক্কা মারেন বের্নার্ড শুলজকে। পরে সপ্তদশ ওভারে ট্রাম্পেলমানের ওপর ঝড় বইয়ে দেন তিনি। টানা চার ডেলিভারিতে মারেন একটি চার ও তিনটি ছক্কা। ওই সময়ই ২৩ বলে ফিফটিতে পা রাখেন কৃষ্ণামূর্তি।
প্রথম ১০ ওভারে ৮৮ রান তোলা যুক্তরাষ্ট্র শেষ ১০ ওভারে করে ১১১ রান।
ইনিংসের প্রথম বলে আলি খানকে চার মেরে রান তাড়া শুরু করেন স্টিনক্যাম্প। পরে সৌরাভ নেত্রাভালকারকে ছক্কায় ওড়ান তিনি। পঞ্চম ওভারে আলি খানকে দুই চারের পর একটি ছক্কায় ওড়ান এই ওপেনার।
পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে ছক্কায় খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দেন ইয়ান ফ্রাইলিঙ্ক। কিন্তু পরের বলেই তাকে বিদায় করে ৫২ রানের জুটি ভাঙেন শাডলি ফন স্কল্কভাইক।
ক্রিজে গিয়েই দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেন ইয়ান নিকোল লফটি-ইটন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি। চারটি চারে ১৭ বলে ২৮ রান করে ফেরেন। এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরে ২৩ বলে ফিফটি করা স্টিনক্যাম্পও।
গেরহার্ড ইরাজমাস টিকতে পারেননি। জেজে স্মিট কিছুক্ষণ দলকে টানেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। যেমন আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সেটা করতে পারেনি দলটির ব্যাটসম্যানরা।
প্রথম ১০ ওভারে ৯৭ রান করা নামিবিয়া পরের ১০ ওভারে করতে পারে কেবল ৭১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৯৯/৪ (মোনাঙ্ক ৫২, শায়ান ২২, মুক্কামাল্লা ১৭, কৃষ্ণামূর্তি ৬৮*, মিলিন্দ ২৮, শুভাম ৫*; ট্রাম্পেলমান ৪-০-৫২-০, স্মিট ৩-০-৪৩-০, হেইঙ্গো ১-০-১২-০, শুলজ ৪-০-৩৫-০, মাইবার্গ ৪-০-২২-২, ইরাজমাস ৩-০-২৭-২, লফটি-ইটন ১-০-৫-০)
নামিবিয়া: ২০ ওভারে ১৬৮/৬ (স্টিনক্যাম্প ৫৮, ফ্রাইলিঙ্ক ১৯, লফটি-ইটন ২৮, ইরাজমাস ৬, স্মিট ৩১, গ্রিন ১৮ রিটায়ার্ড আউট, ট্রাম্পেলমান ৩*, লিচার ০*; আলি ৪-০-৪৩-১, নেত্রাভালকার ৪-০-২৭-১, ফন স্কল্কভাইক ৪-০-৩০-২, মহসিন ১-০-১০-০, হারমিত ৩-০-২৫-০, শুভাম ১-০-৬-১)
ফল: যুক্তরাষ্ট্র ৩১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাঞ্জায় কৃষ্ণামুর্তি।
