২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামিবিয়ার বিপক্ষে ‘পরিপূর্ণ’ পারফরম্যান্সের তৃপ্তি পাকিস্তান অধিনায়কের

ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে চাপে পড়ে গেলেও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 09:53 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

এমনিতে এই ম্যাচ নিয়ে চোখরাঙানি থাকার কথাই ছিল না তেমন। প্রতিপক্ষ তো নামিবিয়া। কিন্তু ভারতের বিপক্ষে বাজেভাবে হারার পর চাপ এমনভাবে চেপে বসেছিল যে, বিদায়ের শঙ্কার ছায়াও ছিল। শেষ পর্যন্ত তেমন কোনো অঘটন ঘটতে দেয়নি পাকিস্তান। নামিবিয়াকে রেকর্ড ব্যবধানে হারানোর পর অধিনায়ক সালমান আলি আগা বলছেন, এই ম্যাচে সবকিছুই ঠিকঠাক হয়েছে তাদের।

কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে বুধবার নামিবিয়াকে ১০২ রানে হারায় পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হওয়া সাহিবজাদা ফারহান এবার অপরাজিত থাকেন ৫৮ বলে ১০০ রান করে। সেই ২০১৪ আসরের পর প্রথমবার শতরানের স্বাদ পেলেন পাকিস্তানের কোনো ব্যাটসম্যান। পাকিস্তান তোলে ১৯৯ রান। ১০ বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

রান তাড়ায় নামিবিয়া গুটিয়ে যায় ৯৭ রানেই। ১৬ রানে ৪ উইকেট নেন রহস্য স্পিনার উসমান তারিক। ৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বার পেলেন তিনি ৪ উইকেটের স্বাদ। তুমুল সমালোচনার মুখে থাকা শাদাব খান ২২ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংসের পর উইকেট নেন ৩টি।

জয়ের পর অধিনায়ক সালমান বললেন, এই ম্যাচ থেকে সম্ভব সবকিছুই তারা পেয়েছেন।

“আমার মনে হয়, এটা পরিপূর্ণ একটি পারফরম্যান্স। পাওয়ার প্লেতে ভালো ব্যাট করেছি আমরা। পাওয়ার প্লেতে ভালো করেছি এবং মাঝের ওভারগুলোতেও জুটি গড়েছি, শেষটাও ভালোভাবে করেছি। সাহিবজাদা অসাধারণ খেলেছে। গত ৬ মাস ধরে যেভাবে সে খেলছে আমাদের হয়ে, খুব ভালো ব্যাট করেছে এবং আজকেও দারুণ খেলেছে। ওর জন্য আমি খুব খুশি।”

“বোলিংয়ের কথা বললে, আমরা ছিলাম ভয়ঙ্কর ও নির্মম। পেসার হোক বা স্পিনাররা, সবাই সঠিক জায়গায় বল রেখেছে। সব মিলিয়ে আমার মনে হয়, পরিপূর্ণ পারফরম্যান্স এটি।”

গ্রুপ পর্ব উতরানোর পর এবার সুপার এইটের চ্যালেঞ্জ। কলম্বোতে শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধাপের অভিযান শুরু করবে পাকিস্তান। সামনে তাকিয়ে ভালো করতে দারুণ আত্মবিশ্বাসী অধিনায়ক।

“আমার মনে হয়, আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। নিউ জিল্যান্ডও ভালো খেলছে। ধারণা করছি, ভালো একটি ম্যাচ হবে। যেভাবে আমরা খেলছি এই মুহূর্তে, যদি পরের ম্যাচে পুনরাবৃত্তি করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভালো করব।”