২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বিকাল থেকে কলম্বোয় বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে এলেও, এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে বৃষ্টি হানা দেওয়ার প্রবল শঙ্কা রয়েছে।

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যার ফলে রোববার সন্ধ্যার হাইভোল্টেজ ম্যাচটিতে বাধ সাধতে পারে বৃষ্টি। 

কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়াম, যেখানে হবে ভারত-পাকিস্তান লড়াই। ওই এলাকার রোববারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

তবে প্রকৃতির ভিন্ন রূপ দেখা যেতে পারে বিকাল থেকে। ওই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশের মতো।

স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা মাঠের লড়াই। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ঠিক আগেই দেখা যেতে পারে বিরূপ প্রকৃতি। যার কারণে টস দেরি কিংবা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা জাগছে। রাত ৮টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনাও রয়েছে।

ম্যাচের আগের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে ভারতের পূর্বনির্ধারিত অনুশীলনে ব্যাহত হওয়ার শঙ্কাও জাগছে।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ভারত ও পাকিস্তান। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত, দুইয়ে পাকিস্তান।

দুই দলের ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে তারা। গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই।

এর আগে চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। আইসিসির সঙ্গে পিসিবি ও বিসিবির বৈঠকের পর গত সোমবার নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় পাকিস্তান।