২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন সালমান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পাকিস্তান অধিনায়ক বললেন, আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

দেশে ফিরে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন সালমান
সালমান আলি আগা। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 08:32 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়লেন সালমান আলি আগা। পাকিস্তান অধিনায়ক বললেন, আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। 

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২১২ রানের পুঁজি গড়ে ৫ রানে জিতলেও লাভ হয়নি পাকিস্তানের। 

সেমি-ফাইনালে যেতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো তাদের। কিন্তু তারা সেটা না পারায় শেষ চারে জায়গা করে নিয়েছে নিউ জিল্যান্ড।

এই ম্যাচের আগে থেকেই পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর আসছিল, বিশ্বকাপে পাকিস্তান যেমনই করুক না কেন, সালমানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি নাকি সালমানকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফেলেছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরিই প্রশ্ন করলেন সালমানকে, “আপনি নিজেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দেবেন নাকি ক্রিকেট বোর্ড আপনাকে সরিয়ে দেবে?”

৩২ বছর বয়সী সালমান সময় নেওয়ার কথা বললেন।

“এখনই যদি আমি সিদ্ধান্ত নিই, তাহলে সেটা হবে আবেগতাড়িত। তাই আমি বাড়ি যাব এবং অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এটা নিয়ে ভাবব।”