২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় টপকানোর চ্যালেঞ্জে বেথেলের রেকর্ড গড়া সেঞ্চুরি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতক উপহার দিয়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান।

পাহাড় টপকানোর চ্যালেঞ্জে বেথেলের রেকর্ড গড়া সেঞ্চুরি
জেকব বেথেল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 11:18 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

হার্দিক পান্ডিয়ার লেংথ ডেলিভারি লং-অফ দিয়ে ওড়ালেন জেকব বেথেল। ফিল্ডারের হাতে লেগে বল উড়ে পড়ল সীমানার বাইরে। সেঞ্চুরিতে পৌঁছে গেলেন ইংলিশ ব্যাটসম্যান। সঙ্গে গড়লেন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

মুম্বাইয়ে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের ২৫৩ রান তাড়ায় একাই ইংল্যান্ডকে টানেন বেথেল। চারে নেমে সাতটি ছক্কা ও আটটি চারে ৪৮ বলে ১০৫ রান করেন তিনি।

ইনিংসটির পথে ৪৫ বলে তিন অঙ্কে পা রাখেন বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পারেননি কেউ। চলতি আসরেই পাকিস্তানের বিপক্ষে হ্যারি ব্রুকের ৫০ বলের সেঞ্চুরি ছিল আগের রেকর্ড।

বিশ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি আছে আর কেবল দুইজনের। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ বলে শতক করেছিলেন অ্যালেক্স হেলস। একই প্রতিপক্ষের সঙ্গে ২০২১ আসরে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন জস বাটলার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বেথেলের সেঞ্চুরিটি দ্বিতীয় দ্রুততম। আগের দিন কলকাতায় আসরের প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন।

ইংলিশদের হয়ে টি-টোয়েন্টিতে বেথেলের সেঞ্চুরিটি তৃতীয় দ্রুততম। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন ফিল সল্ট। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে তিন অঙ্কে পা রেখেছিলেন লিয়াম লিভিংস্টোন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও প্রথমবারের মতো তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন বেথেল। কীর্তিময় ইনিংসটি খেলার দিন পঞ্চম ওভারে ক্রিজে যান তিনি। তখন ৩৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে দল।

এক বল পরই জাসপ্রিত বুমরাহকে ছক্কায় উড়িয়ে রানের খাতা খোলেন বেথেল। পাওয়ার প্লের শেষ ওভারে ভারুন চক্রবর্তিকে টানা তিনটি ছক্কা হাঁকান। ওই ওভারে বাটলারকে বোল্ড করে দেন ভারুন। এক ওভার পর টম ব্যান্টনকেও হারায় ইংলিশরা।

এক প্রান্ত ধরে রেখে বিপাকে পড়া দলকে পাহাড়সম লক্ষ্যের দিকে এগিয়ে নেন বেথেল। একাদশ ওভারে ১৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। পরে ১৯তম ওভারে ওই ছক্কায় কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন তিনি।

শেষ ওভারের প্রথম বলে রান আউট হয়ে যান বেথেল। ওই ওভারে পরে শিভাম দুবেকে তিনটি ছক্কা মারেন জফ্রা আর্চার। কিন্তু তাতে লাভ হয়নি। ৭ রানের জন্য হেরে যায় ইংল্যান্ড।