১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এখনও ‘শতভাগ প্রস্তুত নন’ আফ্রিদি

পিসিবি প্রধান রমিজ রাজা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯০ শতাংশ প্রস্তুত বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 04:05 PM

Updated : 14 Oct 2022, 04:43 PM

পুনর্বাসন প্রক্রিয়া শেষ। নেটে পুরো রানআপে বোলিংও করছেন শাহিন শাহ আফ্রিদি। তবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত মনে করছেন না চিকিৎসকরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, প্রস্তুতি ম্যাচ দিয়ে মূল্যায়ন করা হবে বাঁহাতি এই পেসারের ফিটনেস। 

লম্বা একটা সময় ধরে মাঠের বাইরে আফ্রিদি। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে হাঁটুতে চোট পান তিনি। এতে খেলতে পারেননি এশিয়া কাপ ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিউ জিল্যান্ডে শুক্রবার শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না এই পেসার। 

বোলিং বিভাগের সেরা অস্ত্রকে ছাড়াই শিরোপা জেতে পাকিস্তান। ফাইনালে নিউ জিল্যান্ডকে হারায় ৫ উইকেটে। 

আফ্রিদিকে পুনর্বাসনের জন্য পাঠানো হয় ইংল্যান্ডে। ২২ বছর বয়সী এই ক্রিকেটার গত মঙ্গলবার নিশ্চিত করেন বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না তার। বলেন, বিশ্বকাপে খেলতে মুখিয়ে থাকার কথা। 

তবে রমিজ রাজা জানান, চিকিৎসকদের মতে বৈশ্বিক আসরের জন্য ৯০ শতাংশ প্রস্তুত আফ্রিদি। আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে এই পেসারের ফিটনেস যাচাই করা হবে। 

“তার (আফ্রিদি) সঙ্গে আমার কথা হয়েছে। তার চিকিৎসকের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। আমরা জানতে পেরেছি সে ৯০ শতাংশ প্রস্তুত আছে।” 

“তবে হাঁটুর চোট সূক্ষ্ম ও টেকনিক্যাল বিষয়। প্রস্তুতি ম্যাচগুলো খেলার পর সে কোনো ব্যথা অনুভব করে কিনা তা আমাদের দেখতে হবে। সে বলেছে সে প্রস্তুত আছে, আমরাও প্রস্তুত।”

টি-টোয়েন্টিতে বেশ সফল পাকিস্তানের ওপেনিং জুটি। কিন্তু বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটিতে বদল আনা নিয়ে দেশটির ক্রিকেটে চলছে আলোচনা। বিস্মিত রমিজ রাজা এখানে পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা দেখছেন না। 

“আমি বিস্মিত, আমরা তাদের (রিজওয়ান ও বাবর) আলাদা করার কথা বলছি যখন যেকোনো দলের মূল আলোচনা দৃঢ় ওপেনিং জুটি পাওয়া নিয়ে। একটি দলের সফল হওয়ার জন্য তিনটি পয়েন্টের একটি হলো ভালো ওপেনিং জুটি থাকা। আর আমাদের ভালো বোলারও রয়েছে।” 

“হ্যাঁ, মাঝেমধ্যে দল আমাদের হতাশ করে। তবে তাদের সাফল্যের অনুপাত ৭৫ শতাংশ। আর এই কারণে ভক্ত ও কমার্শিয়াল পার্টনাররা তাদের সঙ্গে থাকে। মিডল-অর্ডার নিয়ে সমস্যা হচ্ছে। তবে আমি এমন কিছু পরিবর্তনের কোনো কারণ দেখছি না, যেটা আমাদের জন্য এখন পর্যন্ত কাজ করছে।” 

আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের বিশ্বকাপ অভিযান। ব্রিজবেনের উদ্দেশে শনিবার নিউ জিল্যান্ড ছাড়ার কথা তাদের।