২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশদের বিপক্ষে ‘মাঠের খেলায়’ মন দিচ্ছে ইংল্যান্ড

প্রায় ১২ বছর পর আবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দল দুটি।

স্পোর্টস ডেস্ক

Published : 25 Oct 2022, 01:36 PM

Updated : 25 Oct 2022, 01:38 PM

সবাইকে এক সুতোয় গাঁথতে পারে মাঠের খেলা। কখনও কখনও আবার না চাইলেও উঠে আসে জাতিগত লড়াইয়ের প্রসঙ্গ। তেমনই এক ধরনের দ্বৈরথ দেখা যায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো খেলায়। দুই দলের ম্যাচকে ঘিরে শোনা যায় মাঠের বাইরের জাতিগত নানান বিরোধের ঘটনা। তবে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার মনোযোগ রাখতে চান মাঠের খেলাতেই।

মেলবোর্নে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে খেলবে ইংল্যান্ড।

প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভের ‘১’ নং গ্রুপে পড়েছে আয়ারল্যান্ড। সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর প্রথমেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সূচি দেখেছেন বলে জানিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। এর পেছনে যে শুধু মাঠের লড়াই-ই একমাত্র কারণ ছিল, তা নয়।

তবে বাটলার মোটেও অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে রাজি নন। আইরিশদের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, মাঠের বাইরে অনেক গল্পই বাতাসে ভাসবে। সেসবে কান না দিয়ে নিজেদের খেলার দিকেই মনোযোগ ইংলিশ অধিনায়কের।

“এটি বিশ্বকাপ। তো সবসময় এটি মাথায় রাখতে হবে, যেকোনো দল তাদের সেরা ক্রিকেটটাই খেলবে। আমরাও তা-ই ভাবছি। আমরা প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরা খেলা খেলতে চাই।”

“আমি জানি, ইংল্যান্ড যখন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে তখন বাইরে থেকে অনেক গল্প শোনা যায়। নির্দিষ্ট কারও জন্য এটি বাড়তি অনুপ্রেরণা হতে পারে। আমরা দল হিসেবে সব প্রতিপক্ষকে সম্মান করি। সবার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখেই খেলি। আয়ারল্যান্ড তাদের সেরা ক্রিকেট খেলবে না, এমন কোনো ভাবনা নেই আমাদের। এই ম্যাচের জন্য তারা উজ্জীবিত থাকবে। তারা আমাদের হারাতে চায়, আমরাও তাদের হারাতে চাই।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াই দেখা গেছে মাত্র একবার। ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০১০ সালের বিশ্বকাপে সেই ম্যাচে বৃষ্টির কারণে কোনো ফল আসেনি। ইংল্যান্ডকে মাত্র ১২০ রানে আটকে দিয়েছিল আয়ারল্যান্ড। জবাবে তারা ৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান করার পর আর খেলা সম্ভব হয়নি।

তবে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে কেভিন ও'ব্রায়েনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল আয়ারল্যান্ড। এছাড়া ২০২০ সালের অগাস্ট দুই দলের সবশেষ ওয়ানডেতে ৩২৯ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আইরিশরা।

তাই কাগজে-কলমে যতই ফেভারিট ধরা হোক না কেন, আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাটলার। সেরা ক্রিকেট খেলে জয়ের বাসনা ইংলিশ অধিনায়কের কণ্ঠে।

“না! মোটেও না (কোনো আত্মতুষ্টিতে ভুগছি না)। যখনই আপনি কাউকে হালকা করে দেখবেন বা প্রতিপক্ষকে সম্মান দেখাবেন না, তখনই আপনাকে ভুগতে হবে। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে দুই দলের জন্যই সমান সুযোগ থাকে। তাই পূর্ণ নিবেদন নিয়ে সামনের যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।”

সুপার টুয়েলভে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে আয়ারল্যান্ড।