২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের কাছে তিনটি ঘড়ি পাওনা রাজার

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে তিনবার ম্যান অব দা ম্যাচ হলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

অধিনায়কের কাছে তিনটি ঘড়ি পাওনা রাজার

অধিনায়ক ক্রেইগ আরভিনের (ডানে) সঙ্গে উইকেট উদযাপন করছেন সিকান্দার রাজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 10:56 PM

Updated : 27 Oct 2022, 11:03 PM

একজন ম্যাচ সেরা হলে হাতঘড়ি উপহার দেবেন আরেকজন; অস্ট্রেলিয়ায় আসার আগেই এমন চুক্তি হয়েছিল ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার মধ্যে। রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারানোর পথে বল হাতে বড় ভূমিকা রেখে এবারের বিশ্বকাপে তৃতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন রাজা। পরে অধিনায়ককে তিনটি ঘড়ির কথা স্মরণ করিয়ে দিলেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।

পার্থে বৃহস্পতিবার চরম উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারায় জিম্বাবুয়ে। ১৩০ রানের স্বল্প পুঁজি নিয়ে অসাধারণ বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের মেলে ধরে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ১২৯ রানে!

স্মরণীয় এই জয়ের নায়ক রাজা পরপর দুই ওভারে শাদাব খান, হায়দার আলি ও শান মাসুদকে ফিরিয়ে ম্যাচের মোড় পাল্টে দেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার স্বীকৃতি।

এবারের বৈশ্বিক আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। প্রাথমিক পর্বে তারা হারায় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে। এই তিন ম্যাচেই সেরা রাজা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সপ্তমবার ম্যান অব দা ম্যাচ হলেন রাজা। সবগুলোই চলতি বছর।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায়ই জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বাসে ভাসছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে দ্বিতীয়বার দলটিকে হারাল তারা।

অবিশ্বাস্য জয়ের আনন্দে আত্মহারা রাজা কবজি দেখিয়ে আরভিনকে কী-যেন ইশারা দেন ম্যাচের পর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে খোলাসা করলেন বিষয়টি।

“আমরা যখন অস্ট্রেলিয়ায় আসছিলাম, অধিনায়ককে বলি, ‘তুমি যদি ম্যাচ সেরা হও, ক্যাটালগ থেকে যেকোনো ঘড়ি পছন্দ করবে এবং আমি সেটা তোমাকে কিনে দেব। তবে আমি যদি ম্যাচ সেরা হই, তাহলে তুমিও আমাকে কিনে দিতে হবে।’ তাই তাকে মনে করিয়ে দিচ্ছিলাম যে, তার কাছে আসলে আমার তিনটি ঘড়ি পাওনা হয়ে গেছে।”

ক্যারিয়ারে স্বপ্নের সময় কাটানো রাজা এদিন ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। স্রেফ ৯ রান করে আউট হয়ে যান। তবে বল হাতেই প্রতিপক্ষকে ছিটকে দেন তিনি।

ছোট লক্ষ্যে ১৩ ওভারে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে তুলে ফেলে ৮৩ রান। ৪২ বলে ৫১ রান প্রয়োজন ছিল তাদের।

এরপরই ম্যাচের গতি বদলে দেন রাজা। শুরুটা অবশ্য ভালো ছিল না। তৃতীয় বলে তাকে ছক্কায় ওড়ান শাদাব। কিন্তু পরের বলেই একই চেষ্টায় লং-অফে ধরা পড়েন তিনি। পরের বলে হায়দার আলিকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রাজা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ব্যাটসম্যান। হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দেন মোহাম্মদ নাওয়াজ।

নিজের কোটার শেষ ওভারে সবচেয়ে মূল্যবান উইকেটটি নেন রাজা। পাকিস্তানের এক প্রান্ত ধরে রেখে ৪৪ রান করা মাসুদকে ফিরিয়ে দেন তিনি। এই উইকেটে অবদান কম নয় কিপার রেজিস চাকাভার। দারুণ ক্ষিপ্রতায় স্টাম্পিং করে চমকে দেন তিনি মাসুদকে।

নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি শেষ পর্যন্ত চেষ্টা চালান পাকিস্তানকে জেতাতে। কিন্তু শেষ ওভারে ১১ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা।