‘ক্যারিয়ার সেরা ইনিংস’ খেলে বাকরুদ্ধ কোহলি
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ভাষা হারিয়ে ফেলেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।
বিরাট কোহলি যখন ম্যাচ সেরার পুরস্কার নিতে গেলেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তখন প্রকম্পিত দর্শকদের গর্জনে। ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরই দিতে পারছিলেন না তিনি। কিছুক্ষণ পর কথা শুরু করে ভারতীয় ব্যাটসম্যান নিজেই বললেন, ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে চরম উত্তেজনার ম্যাচটিতে কীভাবে কী হলো, বুঝতে পারছেন না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার মেলবোর্নে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল। রোমাঞ্চের নানা গলি পেরিয়ে শেষ বলে গড়ানো ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় ভারত।
যা সম্ভব হয়েছে কোহলির ‘মাস্টারক্লাস’ ব্যাটিংয়ের সুবাদে। ভীষণ বিপদে পড়া দলকে অপরাজিত ৮২ রানের অনিন্দ্য সুন্দর ইনিংস খেলে উদ্ধার করেন তিনি। যে ইনিংসটিকে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি স্বীকৃতি দিয়েছেন তার ‘ক্যারিয়ার সেরা’ হিসেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্য তাড়ায় ভারতের হয়ে সর্বোচ্চ রানের দুটি ইনিংসই এখন কোহলির। ২০১৬ আসরে মোহালিতে ঠিক ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন তিনি। সেবার ১৬১ রানের লক্ষ্যে ৪ উইকেটেই জিতেছিল ভারত।
এতদিন ওই ইনিংসটি কোহলির চোখে ছিল তার ক্যারিয়ারের সেরা। তবে এবারের ইনিংসটি একেতো পাকিস্তানের বিপক্ষে, তার উপর ভীষণ কঠিন পরিস্থিতিতে! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বললেন, এই ইনিংসটি এখন সবার উপরে।
“এতদিন ধরে আমি বলে আসছিলাম যে, মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসটি আমার ক্যারিয়ারের সেরা। সেদিন আমি ৫২ (৫১) বলে ৮২ রান করেছিলাম। আজকেও ৮২ রান করেছি, ৫৩ বলে। তো এ দুটি একদম একই রকম ইনিংস।”
“তবে আজকের ইনিংসকে আমি ওপরে রাখব ম্যাচের বিশালতার কথা মাথায় রেখে। পরিস্থিতি যেমন ছিল, মনে হচ্ছিল অসম্ভব, কিন্তু এরপর জুটিতে হার্দিক আমাকে সাহস দিচ্ছিল এবং আমরা ম্যাচটি শেষ পর্যন্ত নিয়ে যাই। আর শেষ পর্যন্ত হয়েও গেল।”
পরিস্থিতি খুব কঠিন ছিল ভারতের জন্য। ১৬০ রানের লক্ষ্যে নেমে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। সেখান থেকে দলকে কক্ষপথে ফেরান কোহলি।
তাকে দারুণ সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে আউট হন তিনি ২ ছক্কা ও ১ চারে ৩৭ বলে ৪০ রান করে। দুইজনে গড়েন ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ ১১৩ রানের জুটি।
৪ ছক্কা ও ৬ চারে ৫৩ বলের ইনিংস খেলা কোহলি বললেন, সবকিছু তার কাছে কেমন যেন অবাস্তব লাগছে। বিশ্বাসই করতে পারছেন না তিনি।
“এটি পরাবাস্তব পরিবেশ। আমি সত্যিই কথা খুঁজে পাচ্ছি না। আমি জানি না কীভাবে কী হলো। হার্দিক আমাকে বলছিল, বিশ্বাস রাখতে। বিশ্বাস রাখতে যে, আমরা এটি করতে পারব, শেষ পর্যন্ত থাকতে বলছিল। সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলেছি।”
১৮ বলে ৪৮ রান প্রয়োজন ছিল ভারতের। তখনও ম্যাচের ভাগ্য কিছুটা ঝুলে পাকিস্তানের দিকেই। কিন্তু এরপরই ঝড় তুলে ম্যাচের গতিপথ বদলে দেন কোহলি। শাহিন শাহ আফ্রিদিকে ওভারে মারেন তিন চার। হারিস রউফকে মারেন টানা দুই ছক্কা।
শেষ ওভারে ১৬ রানের সমীকরণে মোহাম্মদ নাওয়াজকে ছক্কায় উড়িয়ে তিনিই দলের জয়ের পথ করে দেন সহজ। শেষ দিকের পরিকল্পনা ম্যাচ শেষে তুলে ধরেন কোহলি।
“আমার মনে হয়, যখন শাহিন এই প্রান্ত (প্যাভিলিয়ন প্রান্ত) থেকে এক ওভার বোলিং করল, তখন আমি হার্দিককে বলছিলাম যে আমাদের এখন ওকে আক্রমণ করতে হবে। আমাদের মধ্যে কথোপকথন খুব সাধারণ ছিল। হার্দিক বলছিল, নাওয়াজের এক ওভার করতে হবে।”
“আমি বলেছিলাম যে, আমি যদি হারিসকে মেরে খেলতে পারি তাহলে তারা প্যানিক করা শুরু করবে। কারণ হারিস ওদের মূল বোলার। তো আমি দুই ছক্কা হাঁকানোর পর ৮ বলে ২৮ থেকে এটি ৬ বলে ১৬ রানে নেমে আসে। কী বলব! আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার কিছুই বলার নেই (হাসি)।”
কয়েক মাস আগেও কোহলির ফর্ম নিয়ে ভারতীয় ক্রিকেটে চর্চা হচ্ছিল অনেক। সাবেকদের অনেকেই তাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন। বিশ্রাম নিয়ে সবশেষ এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরে কোহলি জানান দিয়েছিলেন, তিনি ফুরিয়ে যাননি। আফগানিস্তানের বিপক্ষে উপহার দিয়েছিলেন টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি।
কঠিন সেই সময় পেরিয়ে এখন চেন ছন্দে নিজেকে মেলে ধরছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষেও দেখা গেল তার পুরনো রূপ। এই দ্বৈরথের স্বাদ নিতে ৯০ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন এদিন। খারাপ সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কোহলি।
“অবিশ্বাস্য! অনেক অনেক ধন্যবাদ। আমি যখন কিছুটা ধুঁকছিলাম তখন আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, ভালোবেসেছেন। আপনারা সবসময় আমার পাশে ছিলেন। আমি এজন্য কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।”
