দক্ষিণ আফ্রিকার জয় ‘কেড়ে নিল’ বৃষ্টি
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের দুয়ারে গিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দক্ষিণ আফ্রিকাকে।
বৃষ্টির কারণে অনেক অপেক্ষার পর শুরু হলো ম্যাচ। তাতে ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে এলো অর্ধেকেরও নিচে। সেখানেও বৃষ্টি হানা দিল বারবার। কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেল জয়ের দুয়ারে। কিন্তু সেই বৃষ্টিই শেষ পর্যন্ত জয়টা পেতে দিল না প্রোটিয়াদের। পয়েন্ট ভাগাভাগি করতে হলো জিম্বাবুয়ের সঙ্গে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দল দুটির প্রথম ম্যাচে দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে।
হোবার্টে সোমবার ৯ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯ রানের নড়বড়ে অবস্থানে থেকে জিম্বাবুয়ে করে ৭৯ রান।
দক্ষিণ আফ্রিকার রান তাড়ার মাঝে বৃষ্টি নামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪। ৩ ওভারেই তারা তুলে ফেলে বিনা উইকেটে ৫১! জয় যখন আর ১৩ রান দূরে, তখনই আবার বৃষ্টি নামলে আর খেলা হয়নি।
নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচে ফল আনতে হলে দুই দলকেই অন্তত পাঁচ ওভার করে খেলতে হয়।
১৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন কিপার-ব্যাটসম্যান ডি কক।
আড়াই ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের শুরুটা হয় খুবই মন্থর। ৯ ওভারের ম্যাচে প্রথম ২ ওভারে তারা তুলতে স্রেফ ৬ রান। এর মধ্যে হারায় ক্রেইগ আরভিনের উইকেটও।
তৃতীয় ওভারে লুঙ্গি এনগিডিকে একটি ছক্কা মারার পরই কট বিহাইন্ড হয়ে যান রেজিস চাকাভা। ওই ওভারেই কিপার ডি-ককের দারুণ ক্যাচে শূন্য রানে ফেরেন প্রাথমিক পর্বে জিম্বাবুয়ের দুটি জয়ের নায়ক সিকান্দার রাজা।
শন উইলিয়ামস দ্রুতই কাটা পড়েন রান আউটে। ৪ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯!
সেখান থেকে ওয়েলসলি মাধেভেরে ও মিল্টন শুম্বার ৩৩ বলে ৫৫ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় তারা।
১১ রানে জীবন পেয়ে ১৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন মাধেভেরে। ২০ বলে ১৮ রান করেন শুম্বা।
রান তাড়ায় ডি ককের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বিষয়টি ভাবনায় রেখেই হয়তো বিধ্বংসী হয়ে ওঠেন বাঁহাতি ব্যাটসম্যান। টেন্ডাই চাটারার করা ইনিংসের প্রথম পাঁচ বলে চারটি চারের সঙ্গে মারেন একটি ছক্কা।
পরের ওভারে একটি বল হতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে দক্ষিণ আফ্রিকার নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪।
আবার খেলা শুরু হতেই রিচার্ড এনগারাভাকে টানা তিনটি চার মারেন ডি কক, ওভারের শেষ বলে আরেকটি। ২ ওভারেই আসে ৪০ রান!
তৃতীয় ওভারেই শুধু কোনো বাউন্ডারি হয়নি। এই ওভারে আসে ১১। এরপরই আরেকবার বৃষ্টির আগমনে ম্যাচের সমাপ্তি।
খুব কাছে গিয়েও এভাবে জয় না পাওয়ায় স্বাভাবিকভাবে আক্ষেপ হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। টুর্নামেন্টের যে ধরন, সেমি-ফাইনালে যেতে দুই পয়েন্ট যে মহাগুরুত্বপূর্ণ!
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৯ ওভারে ৭৯/৫ (চাকাভা ৮, আরভিন ২, উইলিয়ামস ১, রাজা ০, মাধেভেরে ৩৫*, শুম্বা ১৮; রাবাদা ২-০-২০-০, পার্নেল ২-০-৬-১, এনগিডি ২-০-২০-২, মহারাজ ১-০-১০-০, নরকিয়া ২-০-১০-১)
দক্ষিণ আফ্রিকা: (লক্ষ্য ৭ ওভারে ৬৪) ৩ ওভারে ৫১/০ (ডি কক ৪৭*, বাভুমা ২*; চাটারা ১-০-২৩-০, এনগারাভা ১-০-১৭-০, রাজা ১-০-১১-০)
ফল: ম্যাচ পরিত্যক্ত ও পয়েন্ট ভাগাভাগি
