উপভোগের মন্ত্রে দক্ষিণ আফ্রিকাকে হারানোর আশা
নেদারল্যান্ডসকে হারানোর পর এবার দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ, বললেন সাকিব আল হাসান।
নেটে অদ্ভুতুড়ে একটি শট খেললেন হাসান মাহমুদ। তরুণ পেসারের শট দেখে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বললেন, “দুনিয়ার ইতিহাসে এমন শট আর কেউ কখনও খেলেনি।” তা শুনে পাশে থাকা অন্যরা তো হেসেই খুন। নেটে ঘাম ঝরানোর ফাঁকে হাসি-মজার এই ফোয়ারা দেখা গেল অনুশীলন জুড়েই। হয়তো খুব স্বাভাবিকই এসব। তবে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর দল এতটা ফুরফুরে, টুকরো টুকরো সাধারণ দৃশ্যগুলোও মনে হচ্ছে যেন বাড়তি কিছু!
আপাতত দলের কৌশলও এটি। ব্যাট-বলের তুকতাক আর স্কিল ঝালাই যেমন জরুরি, তেমনি এমন প্রাণবন্ত থাকাও দলীয় পরিকল্পনার অংশ। সিডনি ক্রিকেট গ্রাইন্ডে বুধবার অনুশীলন শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়ে দিলেন, উপভোগের স্রোতে সাঁতরেই তীর ছুঁতে চান তারা।
গত কিছুদিনে দলের বাজে সময়ের মধ্যে বরাবরই বলা হয়েছে, মাঠের ফলাফল ভালো না হলেও ড্রেসিং রুমের আবহ দারুণ। বিশ্বকাপে প্রথম ম্যাচে ১৬ বছরের জয় খরা কাটানোর পর সেটিই এখন অনেকটা প্রকাশ্য। স্রেফ একটি জয়, সেটিও নেদারল্যান্ডসের সঙ্গে, তাতেই এতটা আনন্দের হিল্লোল অনেক প্রশ্ন জাগাতে পারে বটে। তবে এই জয়কেই সামনে এগিয়ে যাওয়ার পাথেয় করে নিয়েছে দল।
আত্মবিশ্বাস এখন এতটাই তুঙ্গে যে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার স্বপ্নের কথা বলার সাহসও পাচ্ছেন সাকিব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু ম্যাচ।
অনেক ইতিহাসের স্বাক্ষী এই মাঠে যে কোনো ধরনের ক্রিকেটেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সাকিব সরাসরিই বললেন, উপলক্ষ স্মরণীয় করে রাখতে চান তারা।
অধিনায়কের সেই বিশ্বাস সঞ্চারিত হয়েছে গোটা দলে। তরুণ পেসার হাসান মাহমুদ অনুশীলন শেষে টিম বাসে ওঠার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে গেলেন, “দক্ষিণ আফ্রিকার সঙ্গেও পারব আমরা… কেন পারব না? নিজেদের কাজটা করতে পারলেই হবে আশা করি।”
প্রথম ম্যাচের নায়ক ও অভিজ্ঞ ফাস্ট বোলার তাসকিন আহমেদের কণ্ঠেও প্রত্যয়, “আমরা স্পিরিট ধরে রেখে প্রক্রিয়া ঠিকঠাক রাখতে চাই। বাকিটা মাঠেই দেখা যাবে…।”
প্রথম ম্যাচের চেয়ে এবার কাজটা অবশ্য অনেক কঠিন। দক্ষিণ আফ্রিকাকে হয়তো বিশ্বকাপের শীর্ষ ফেভারিটদের কাতারে খুব একটা রাখা হচ্ছে না, তবে এই কন্ডিশনের জন্য দারুণ ভারসাম্যপূর্ণ দল তারা। একাই ব্যবধান গড়ে দেওয়ার মতো বেশ কজন ক্রিকেটার আছে তাদের এবং কাগজ-কলমের শক্তিতে তারা ট্রফি জয়ের দাবিদার।
সেই সম্মান ও সমীহ প্রতিপক্ষকে দেখাচ্ছেন সাকিব আল হাসান। তবে চ্যালেঞ্জ জানানোর ঘোষণাও দিয়ে রাখলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ চারটি ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। এই বছরই সিরিজ জয় করেছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে। টি-টোয়েন্টিতে যদিও ৭ ম্যাচের সবকটি হেরেছে বাংলাদেশ। তবে এবার নতুন অধ্যায় রচনা করতে চান অধিনায়ক।
“ওদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে। যেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আমাদের খেলা হবে ব্যাটে ও বলে। আমরা চেষ্টা করব আমাদের সেরা পারফরম্যান্সটা করার। আমাদের কিছু ভালো স্মৃতি আছে ওদের বিপক্ষে, যেগুলো হয়তো সাহায্য করবে। যদিও এই ফরম্যাটে নেই, তারপরও আমার মনে হয় এটা মানসিকভাবে আমাদের সাহায্য করবে।”
“আমি যেটা বললাম, আমরা আসলে পরিষ্কার মনে থাকতে চাই, খেলাটাকে উপভোগ করতে চাই। আমি আশাবাদী বেশ ভালো একটা দর্শক আসবে, যারা আমাদের সমর্থন দেবে এবং তাদের সমর্থনের প্রতিদানটা যেন আমরা দিতে পারি।
এই ম্যাচে দর্শক হয়ে উঠতে পারে বাংলাদেশের বড় প্রেরণার উৎস। অস্ট্রেলিয়াতে প্রবাসী বাংলাদেশি সবচেয়ে বেশি থাকেন সিডনি ও এর আশেপাশেই। সংখ্যায় তা প্রায় ৬০ হাজার। এই ম্যাচের টিকেট অনেক আগেই কেটে রেখেছেন তাদের অনেকে। উৎসবের আবহে ম্যাচ দেখতে যাওয়ার আয়োজন করে আসছেন তারা অনেক দিন ধরেই।
নিজেরা মাঠে ক্রিকেটান্দে মেতে উঠে এই দর্শকদের আনন্দ উপহার দিতে চান সাকিব। এমনকি এই ম্যাচ জিতে শেষ চারের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার কথাও বললেন অধিনায়ক।
“অবশ্যই (সেমিতে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়) খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা ম্যাচ, আমরা যদি জিতে যাই, আমাদের যে এমন কিছু করার সামর্থ্য আছে, সেটা প্রমাণ করার কাছাকাছি চলে যাব। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে দক্ষিণ আফ্রিকাও হারতে পারবে না। তারা ওরকম অবস্থার মধ্যে আছে। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ।”
“আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আমরা খেলাটা কতটা উপভোগ করতে পারছি। বেশ বড় সংখ্যায় দর্শক থাকবে আমাদের, যেহেতু সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি। তাদের সমর্থন কাজে লাগিয়ে কীভাবে আরও ভালো পারফর্ম করতে পারি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প খুব একটা নেই। প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও তারা বঞ্চিত হয়েছে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। বাংলাদেশের বিপক্ষেও হেরে গেলে সেমি-ফাইনালের আশাও ছেড়ে দিতে হবে অনেকটা। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লুঙ্গি এনগিডিও শোনালেন দলের জয়ের তীব্র তাড়নার কথা।
গত মার্চে বাংলাদেশের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজে হেরে যাওয়ার অংশ ছিলেন এনগিডি। সেই সিরিজে সাকিবদের শ্রেষ্টত্বও তিনি মেনে নিচ্ছেন। তবে সেটির পুনরাবৃত্তি এবার হবে না বলেই বিশ্বাস দক্ষিণ আফ্রিকানদের।
“ওরা দেশের মাঠে আমাদের হারিয়েছিল বটে, একদম উড়িয়ে দিয়েছিল। তবে কালকে নতুন দিন, নতুন খেলা। আমরা অবশ্যই জানি, তারা অতীতে আমাদের সঙ্গে কেমন করেছে। তবে যেটা বললাম, কালকে নতুন দিন এবং দেখা যাক, কী হয়…।”
দুই দলের এই উত্তেজনায় অবশ্য জল ঢেলে দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে শঙ্কার কারণ আছে যথেষ্টই। তবে আগের ম্যাচে হোবার্টেও বৃষ্টির প্রবল শঙ্কা ছিল। শেষ পর্যন্ত খেলা হয়েছে। বাংলাদেশের চাওয়া থাকবে, এই ম্যাচের ফলও হবে সেদিনের মতোই!
