‘১৫ সিলিন্ডারের ফেরারির’ ভারসাম্যে নির্ভার ফিঞ্চ
দলের সবাই যার যারা দায়িত্ব সম্পর্কে সচেতন বলে নির্ভার অস্ট্রেলিয়ার অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সব দলের অধিনায়ক নিয়ে হয়ে গেল ক্যাপ্টেনস ডে। খোশ মেজাজের এ আয়োজনে হালকা প্রশ্নের ভিড়ে ছিল প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা। যেখানে অস্ট্রেলিয়া দলকে ফেরারি গাড়ির সঙ্গে তুলনা দিলেন এক সাংবাদিক।
বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়ককে ৮ জন করে দুই ভাগে করা হয় প্রশ্নোত্তর পর্ব। শুরুর পর্বেই ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া সে পর্বে নামিবিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের অধিনায়কও ছিলেন।
ফিঞ্চের কাছে প্রশ্ন করার সময় উপস্থিত সাংবাদিকদের একজন বিলাসবহুল ফেরারি গাড়ির প্রসঙ্গ এনে বলেন, অস্ট্রেলিয়ার এই দলটা ফেরারির মতো চলে। ফেরারিতে ৮টি সিলিন্ডার। আপনার দলে ১৫টি সিলিন্ডার। ম্যাচে আপনার দলের ১১ সিলিন্ডার কি ব্যাটসম্যানদের ওপর নির্ভরশীল ফ্রন্ট হুইল ড্রাইভে নাকি ভারসাম্যপূর্ণ অল হুইল ড্রাইভে?
স্বাভাবিকভাবেই এ প্রশ্নের পর মেলবোর্নের রিজেন্ট থিয়েটার প্লাজার বলরুমে হাসির রোল ওঠে। তবে ফিঞ্চ উত্তর দিয়েছেন গুরুত্বের সঙ্গেই, জানিয়েছেন নিজ দলের ভারসাম্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট তিনি। শুধু ১১ জন নয়, স্কোয়াডের ১৫ জনই গুরুত্বপূর্ণ বলে জানালেন অজি অধিনায়ক।
“বিশ্বকাপে যাওয়ার আগে আপনি জানেন যে, ১৫ জনের দলটা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ১১ জন খেলোয়াড় আপনাকে বিশ্বকাপ জিতিয়ে দেয় না। এক্ষেত্রে সবার ভূমিকা থাকে। আমি মনে করি, আমাদের দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে। ব্যাটিং লাইনআপের প্রতিটি পজিশনেই ম্যাচ উইনার রয়েছে। একইভাবে বল হাতেও তাই।”
যথাযথ ভারসাম্য থাকলেও যথাসময়ে সবার জ্বলে ওঠাও যে গুরুত্বপূর্ণ- তা মনে করিয়ে দিলেন ফিঞ্চ। তবে দলের সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবগত ও সচেতন থাকায় এ বিষয়ে খানিক নির্ভার স্বাগতিক দলের অধিনায়ক।
“এখন দায়িত্ব হলো সঠিক সময়ে সেরাটা করে দেখানো। টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার পর এটা ভেবে লাভ নেই যে কী করা যেত বা কী করা ঠিক হয়নি। দলের সবাই জানে তাদের দায়িত্ব এবং টুর্নামেন্টজুড়ে কী করতে হবে। এটি গুরুত্বপূর্ণ। হয়তো মাঝেমধ্যে এদিক-সেদিক কিছু পরিবর্তন আসবে। তবে সবমিলিয়ে দলের মধ্যে আবহ দারুণ।"
ফিঞ্চের উত্তর শেষে সঞ্চালক মজা করে জিজ্ঞেস করেন, “তোমার ফেরারি কী রঙের, ফিঞ্চ?" জবাবে অজি অধিনায়ক জানান, তার এখনও ফেরারি কেনা হয়নি। বরং এই প্রশ্নের উত্তর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ভালো দিতে পারবেন।”
আগামী ২২ অক্টোবর গত আসরের রানার্সআপ নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এর আগে সোমবার ভারতের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকরা।
