২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার রান তাড়ার রেকর্ড

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সবচেয়ে বেশি রান তাড়ার কীর্তি গড়ল লঙ্কানরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 08:23 PM

Updated : 12 Jul 2023, 11:52 PM

শক্ত ভিত পাওয়া প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দিল না শ্রীলঙ্কা। চমৎকার বোলিংয়ে শেষ তিন ওভারে পাঁচ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে দেড়শর আগে আটকে রাখল তারা। পরে চামারি আতাপাত্তুর ঝড়ে সফরকারীদের উড়িয়ে রান তাড়ার রেকর্ড গড়ল লঙ্কানরা।

কলম্বোয় বুধবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে ১০ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ১৪১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৩৩ বল বাকি থাকতে।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে এটাই সবচেয়ে বেশি রান তাড়ার কীর্তি। আগের রেকর্ডটি ছিল নিউ জিল্যান্ডের, ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের লক্ষ্য তাড়ায়।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ জয়ের আশা আগেই শেষ শ্রীলঙ্কার। হোয়াইটওয়াশের বিব্রতকর অভিজ্ঞতা থেকে বাঁচার লক্ষ্যে শেষ ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন আতাপাত্তু। তার অসাধারণ ব্যাটিংয়ে তিন ম্যাচের সিরিজটি শেষ হলো ২-১ ব্যবধানে।

৪৭ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আতাপাত্তু। তার ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১৩ চারে। এই পথচলায় ২৫ বলে ফিফটি করেন লঙ্কান অধিনায়ক। নারী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে যা দ্রুততম।

আরেক ওপেনার হার্শিথা সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৭ চারে ৪৯ রান। আতাপাত্তুর সঙ্গে তার ১৪৩ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিও যেকোনো উইকেটে শ্রীলঙ্কার রেকর্ড।

টি-টোয়েন্টিতে এনিয়ে তিনটি শতরানের জুটি পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। অন্য দুটি চতুর্থ উইকেটে, বাংলাদেশের বিপক্ষে অবিচ্ছিন্ন ১০২ ও ১০৪। তিনটি জুটিতেই জড়িয়ে হার্শিথা।