টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড-দ. আফ্রিকা-শ্রীলঙ্কা
তৃতীয় চক্রে সাকিব আল হাসান-তামিম ইকবালরা খেলবেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) ছিল আভাস, টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে নেই বাংলাদেশের কোনো ম্যাচ। আইসিসির ঘোষিত সূচিতে সেটাই নিশ্চিত হয়েছে। নতুন চক্রে দেশের মাটিতে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি সিরিজ খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে।
গত বছর ২০২৩ থেকে ২০২৭ সালের জন্য প্রকাশিত এফটিপি অনুযায়ী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট কেবল দুটি করে। দুটিই ২০২৭ সালে। যা ২০২৩ থেকে ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সময়সীমার বাইরে।
প্রথম দুই চক্রেও ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট ছিল না বাংলাদেশের। প্রথম চক্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থাকলেও করোনাভাইরাস মহামারীর জন্য তা বাতিল হয়ে যায়।
তলানিতে থেকে গত দুই আসর শেষ করা বাংলাদেশের নতুন অভিযান শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে আতিথেয়তা দেবে তারা। পরের বছর বাকি পাঁচটি সিরিজ শেষ করবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর পাকিস্তান ও ভারত সফরে যাবে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে নিজেদের শেষ সিরিজে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপরই টুর্নামেন্টে নিজেদের শেষ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ।
২০২৫ সালের জুনে লর্ডসে হবে তৃতীয় আসরের ফাইনাল।
