২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে দুইয়ে লাবুশেন, তিনে রুট

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন প্রবাথ জয়াসুরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 04:54 PM

Updated : 26 Jul 2023, 04:54 PM

ম্যানচেস্টার টেস্টে মার্নাস লাবুশেন ও জো রুটের দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়ল র‍্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ করে এগিয়ে দুইয়ে ফিরলেন লাবুশেন, তিনে রুট। 

ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হওয়া অ্যাশেজের চতুর্থ টেস্টে দুই ইনিংসে ৫১ ও ১১১ রান করে লাবুশেন। র‍্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট এখন ৮৬৯। ওই ম্যাচে একমাত্র ইনিংসে ৮৪ রান করা সাবেক ইংলিশ অধিনায়ক রুটের পয়েন্ট ৮৫২। 

বুধবার আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদের পর ৮৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। 

তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে আছেন যথাক্রমে ট্রাভিস হেড, বাবর আজম ও স্টিভেন স্মিথ। 

ম্যানচেস্টারে ১৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ১৩ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। এক ধাপ এগিয়ে ১১তম স্থানে আছেন তার সতীর্থ হ্যারি ব্রুক।

এক ধাপ এগিয়ে নবম স্থানে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি খেলেন ৮০ ও ৫৭ রানের ইনিংস। 

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ২০৮ ও অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে ১২ ধাপ এগিয়েছেন সাউদ শাকিল। পাকিস্তানের এই ব্যাটসম্যান আছেন ১৫তম স্থানে। ওই ম্যাচে ১২২ ও ৮২ রানের ইনিংস খেলা শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা ১১ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। গল টেস্টে তার প্রাপ্তি ৭ উইকেট। 

এখানে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় আগের মতো আছেন জাদেজা।