র্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি
এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডও ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসি উইমেন’স ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তারা।
ব্রিজবেনে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন এই দুজন। শেষ ম্যাচে শারমিন করেন ৯৩ বলে ৫০ রান, স্বর্ণা ৭১ বলে ৫৪। বাংলাদেশ যদিও ৯ উইকেটে ম্যাচ হেরে সিরিজ হারে ৩-০ ব্যবধানে।
মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারী ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন শারমিন। স্বর্ণা এগিয়েছেন ১৬ ধাপ, আছেন যৌথভাবে ৮৬তম স্থানে।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার এলিস পেরি (৬৫) ও অ্যানাবেল সাদারল্যান্ডের (৭৪) অপরাজিত ফিফটির প্রতিফলনও পড়েছে র্যাঙ্কিংয়ে। চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে আছেন সাদারল্যান্ড, এক ধাপ এগিয়ে নবম স্থানে পেরি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি আছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ও অলরাউন্ডারদের তালিকায় অ্যাশ গার্ডনারও শীর্ষস্থান ধরে রেখেছেন।
