‘এটা টি-টোয়েন্টি নয়, টেস্ট ক্রিকেট’, লিটনকে চটিয়ে দিয়েছিলেন সিরাজ
সিরাজের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ের পরই উইকেট হারান দারুণ খেলতে থাকা লিটন।
মোহাম্মদ সিরাজের নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড লিটন দাস। উদযাপনের শুরুতে মুখে আঙুল ভারতীয় পেসারের, ইশারায় যেন বুঝিয়ে দিলেন, ‘চুপ থাকাই শ্রেয়।’ পরমুহূর্তেই তার হাত চলে যায় কানে। যেন শোনার চেষ্টা করছেন, কী বলা হচ্ছে। আসলে সেটি ছিল লিটনকে অনুকরণ। আগের বলেই সিরাজের কথা শোনা যাচ্ছে না বলে যে কানে হাত দিয়ে ঠিক ওভাবেই ভঙ্গি করেছিলেন লিটন!
২২ গজের সেই ঘটনা খেলা শেষে বিস্তারিত জানান সিরাজ। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে থাকার স্বস্তি নিয়ে মুখে বিস্তৃত হাসি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ৩ উইকেট পাওয়া এই পেসার।
সিরাজের ছোবলেই শুরুর আঘাত পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে। এরপর লিটন ও অভিষিক্ত ওপেনার জাকির হাসানের উইকেট নেন তিনি।
চট্টগ্রামে ব্যাটিং দীনতার দিনে লিটনের শুরুটা ছিল বেশ ভালো। শান্ত ও ইয়াসির আলি চৌধুরী অল্পতে আউট হলেও প্রথমবারের মতো চার নম্বরে ব্যাট করতে নামা লিটন চাপে নতজানু হননি। চা বিরতিতে যাওয়ার আগের ওভারে পাল্টা আক্রমণে উমেশ যাদবকে টানা তিনটি বাউন্ডারি মারেন বাংলাদেশের সহ-অধিনায়ক।
ইতিবাচক ব্যাটিংয়ে ভালো কিছুর সম্ভাবনা জাগালেও লিটনকে বেশি দূর যেতে দেননি সিরাজ। শুরু থেকেই তিনি বল করছিলেন আড়াআড়ি সিমে। ব্যতিক্রম ছিল না ১৪তম ওভারের প্রথম বলও। খাটো লেংথের গতিময় ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেন লিটন।
ফলো থ্রুতে লিটনের কাছে গিয়ে কিছু একটা বলতে দেখা যায় সিরাজকে। প্রতিক্রিয়ায় নিজের কানে হাত দিয়ে সিরাজের দিকে এগিয়ে যান লিটন। যেন বুঝতে চাইছিলেন, সিরাজ আসলে কী বলেছেন! কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। আম্পায়ারের মধ্যস্থতায় নিয়ন্ত্রণের বাইরে যায়নি পরিস্থিতি।
ঠিক পরের বলেই লড়াইটা জিতে নেন সিরাজ। প্রায় কাছাকাছি লেংথ থেকে ভেতরে ঢুকছিল বল। কিন্তু আগের ডেলিভারির মতো অতটা লাফিয়ে খানিকটা নিচু হয়ে যায়। লিটন রক্ষণের চেষ্টা করলেও তার ব্যাটের নিচের দিকে লেগে বল চলে যায় স্টাম্পে।
তখন কানে হাত দিয়ে লিটনকে আগের বলের ঘটনার জবাবটাও যেন দিয়ে দেন সিরাজ। দিনের খেলা শেষ হওয়ার পর তার কাছে অবধারিত প্রশ্নই ছিল, ‘ওই মুহূর্তে লিটনের সঙ্গে কী হয়েছিল?’ সিরাজ লুকালেন না তা।
“না! তেমন কিছু না। আমি ওকে শুধু বলেছিলাম এটা টি-টোয়েন্টি সংস্করণ নয়, টেস্ট ক্রিকেট। তোমার এখন দেখেশুনে খেলা উচিত।”
“আমার চেষ্টা ছিল লাইন-লেন্থ মেনে বোলিং করার। কিন্তু বলটা নিচু ছিল, বেশি ওপরে ওঠেনি। নিচু থাকায় বোল্ড হয়েছিল। আমার পরিকল্পনা এটাই ছিল যে, স্টাম্পে বল করব। কোনো কিছু ভেবে (স্লেজিং) করিনি।”
